১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বলিউড নায়িকার সঙ্গে শাকিব খানের শুটিং শুরু বৃহস্পতিবার

আগের দিন মুম্বাইয়ে দেখা দিলেন একসঙ্গে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 11:08 PM

Updated : 25 Oct 2023, 11:08 PM

এবার বলিউডের নায়িকা নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন শাকিব খান। নির্মাতা অনন্য মামুন আগেই এ কথা জানালেও কে সেই নায়িকা তা খোলাসা করেননি।

বুধবার ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সেই ‘দরদ' সিনেমার নায়িকাকে হাজির করা হয় শাকিবের পাশে। বৃহস্পতিবার থেকে বলিউড নায়িকা সোনাল চৌহানের সঙ্গে তার শুটিং শুরু হওয়ার কথা।

সেই সংবাদ সম্মেলনের ছবি গ্লিটজকে পাঠিয়ে অনন্য মামুন বলেছেন, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মীয়মান ছবিটির গল্প সাইকো থ্রিলার ধাঁচের। আগামী ফেব্রুয়ারিতে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক -এ ছয় ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অনন্য মামুন ছাড়াও সিনেমার বাংলাদেশ অংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা' বেশ সফলতার মুখ দেখে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন কলকাতার নায়িকা ঈধিকা পাল। এবার বলিউডের নায়িকা নিয়ে কতটা সফল হন শাকিব তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ‘দরদ’ মুক্তি পর্যন্ত।

২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে বলিউডের ‘জান্নাত’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু হয় সোনাল চৌহানের।