শাকিবের ‘মহব্বত’, নায়িকা ‘ভিনদেশী’
সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।
জনপ্রিয় সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ এর নির্মাতা হিমেল আশরাফ ফের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে চলেছেন।
এই পরিচালকের নতুন সিনেমার নাম ‘মহব্বত’।
ফেইসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে শাকিব লিখেছেন, “এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু।” সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।
শাকিব পোস্টে লিখেছেন, “কখনও কখনও ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে কোনো মূল্য, কোনো প্রতিশ্রুতি আর লড়াই। জানাচ্ছি ‘মহব্বত’ এর কথা।”
এ ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি আলোচনায় শাকিবের বিপরীতে নায়িকা কে থাকছেন, তা নিয়ে। কোনো কোনো সংবাদমাধ্যমে এসেছে এবারো দেশের কোনো নায়িকার সঙ্গে শাকিব জুটি বাঁধছেন না।
‘মহব্বত’ সিনেমায় শাকিবের সঙ্গে শোনা যাচ্ছে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর–ই–ফিশানের নাম।
তাদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলেও এসব খবরে বলা হয়েছে।
পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এ বিষয়ে এখন কিছু বলতে চাইছেন না। তারা কবেল বলেছেন, শিগগিরই নায়িকার নাম প্রকাশ করে অপেক্ষার অবসান ঘটানো হবে।
শাকিব-হিমেল-আশরাফ-এই ত্রয়ীর সিনেমায় আগেও বিদেশি নায়িকাকে দেখা গেছে। তাদের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিবের নায়িকা হয়েছিলেন কলকাতার সিরিয়ালের অভিনয়শিল্পী ইধিকা পাল। সিনেমাটির মাধ্যমে বাংলাদেশি দর্শকদের কাছে পরিচিতি পান ইধিকা।
এপর ‘রাজকুমার’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেন যুক্তরাষ্ট্রের মডেল কোর্টনি কফি।
