১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মারা গেছেন অভিনেত্রী হোমায়রা হিমু

কীভাবে এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে, সেটি স্পষ্ট করে জানাতে পারেননি নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 06:35 PM

Updated : 02 Nov 2023, 11:39 PM

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু আর নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তবে কীভাবে এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে, সেটি স্পষ্ট করে জানাতে পারেননি নাসিম।

তিনি বলেন, “হাসপাতালে যে ছেলেটি নিয়ে এসেছিল, সে হিমুকে এখানে রেখে পালিয়ে গেছে। পুলিশ তাকে খুঁজছে। এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না৷”

উত্তরা (পশ্চিম) থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিনেত্রী হোমায়রা হিমু উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে একটি ভবনের নিজের ফ্ল্যাটে থাকতেন।

“আমরা যতটুকু জেনেছি নিজের ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি লাগিয়ে
তিনি আত্মহত্যা করেছেন।”

বাসার একজন তাকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে আসে উল্লেখ করে তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে জানান।


ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি আজিজ।

এদিকে রাতে অভিনয় শিল্পী সংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "অভিনয়শিল্পী হোমায়রা হিমু আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আজ বিকেল ৪টা ৪৬ মিনিটে হিমুর একজন বন্ধু ও মিহির হাসপাতালে তাকে নিয়ে আসেন। পৌঁছানোর পর উপস্থিত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

“তার গলায় হালকা দাগ দেখতে পাওয়ায় ডাক্তার পুলিশ ডাকেন। পুলিশ ডাকাতে সেই বন্ধু চলে গেলে এখন পুলিশ তাকে খুঁজছে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্ট এর পর বিস্তারিত জানা যাবে।”

হাসপাতাল এবং দাফনসহ যাবতীয় প্রয়োজনীয় প্রক্রিয়া অভিনয় শিল্পী সংঘ সম্পন্ন করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরে রাত সোয়া ১০টায় অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, "ময়নাতদন্ত শেষে আগামীকাল শুক্রবার বাদ জুমা চ্যানেল আই প্রাঙ্গণে হোমায়রা হিমুর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।"