১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৃজিতের সিনেমায় পরমব্রত ও অনুপম

দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত সৃজিত মুখার্জি পরিচালিত থ্রিলার ‘টেক্কা’য় একসঙ্গে কাজ করবেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অনুপম রায়।

সৃজিতের সিনেমায় পরমব্রত ও অনুপম

পরমব্রত চট্টোপাধ্যায় ও অনুপম রায়

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2023, 09:35 PM

Updated : 08 Dec 2023, 09:37 PM

আলোচনা-সমালোচনা-বিতর্ক কিছু কম হয়নি কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আর অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর বিয়েকে ঘিরে। এবার সব গল্প সরিয়ে রেখে সৃজিত মুখার্জি পরিচালিত নতুন সিনেমায় একসঙ্গে কাজ করবেন পরমব্রত ও অনুপম।

আনন্দবাজার বলেছে, দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত সৃজিতের নতুন থ্রিলারে ‘টেক্কা’য় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখার্জি। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম।

চলতি বছর জুন মাসেই ‘টেক্কা’ সিনেমার ঘোষণা সেরেছিলেন সৃজিত। আগামী বছর জানুয়ারি থেকে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা।

পরমব্রত-অনুপম ছাড়াও ‘টেক্কা’তে অভিনয় করবেন দেব ও রুক্মিণী মৈত্র ।

গত ২৭ নভেম্বর কলকাতার যোধপুর পার্কের বাড়িতে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সারেন পরমব্রত ও পিয়া। কেবল দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। ওই রাতে ভবানীপুরে ছোট পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন ছিল। যেখানে অল্প কয়েকজন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

পরমব্রতর স্ত্রী পিয়া একজন মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী। পরমব্রতও নিজেকে কেবল অভিনয়ের গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি। পরিচালক-প্রযোজক হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন।

পিয়া ২০২১ সালে গায়ক অনুপমের সঙ্গে সাংসারিক জীবনের ইতি টানেন। সে সময়ে তারা সোশাল মিডিয়ায় যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। খবর উড়েছিল, পরমব্রতের সঙ্গে সম্পর্কের জের ধরেই নাকি অনুপমের সংসার থেকে বেরিয়ে আসেন পিয়া।

যদিও সেই গুজব উড়িয়ে দিয়ে পরমব্রত বারবার বলেছেন, তিনি ও পিয়া স্রেফ বন্ধু।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়সের পর ভারতের সুন্দরবন এলাকায় ত্রাণ দিতে গিয়ে দুজনার কাছাকাছি আসা। যদিও একে অপরকে তারা চিনতেন আগে থেকে।

এরপরে গত দুই বছরে পরমব্রত ও পিয়ার প্রেমের সম্পর্ক নানাভাবে স্পষ্ট হয়েছে।