‘স্টোন’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘অবশ প্রলাপ’
২০১৩ সালে যাত্রা শুরু হয়েছিল স্টোনের। প্রথম গানের শিরোনামেই আসছে প্রথম অ্যালবাম।
প্রায় এক দশকের যাত্রায় কয়েকটি একক গান প্রকাশ করলেও এবার প্রথম একক অ্যালবাম ‘অবশ প্রলাপ’ নিয়ে আসছে রক ব্যান্ড ‘স্টোন’।
বুধবার অ্যালবামের প্রথম গান ‘আলোর শিহরণ’ প্রকাশ পেয়েছে, ধারাবাহিকভাবে সেখানে আরও সাতটি গান যুক্ত হবে বলে জানিয়েছেন ব্যান্ডের মুখপাত্র লিড গিটারিস্ট শাহেদ।
তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে অ্যালবামের সবগুলো গানই প্রকাশ করা হবে। ‘আলোর শিহরণ’ ছাড়াও ‘মেঘ’, ‘নেই তুমি’ ‘অমানুষ’, ‘বিষাদের আলিঙ্গন’, ‘ঘুনে ধরা শহর’, ‘বৃষ্টি’ ও ‘অবশ প্রলাপ’সহ মোট আটটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি এসব গান প্রকাশ পাবে স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, অ্যাপল মিউজিক, ডিজারের মত জনপ্রিয় সব আর্ন্তজাতিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে। প্রাথমিকভাবে গানগুলোর অ্যনিমেটেড লিরিক্যাল ভিডিও প্রকাশ পেলেও শ্রোতাগ্রহণযোগ্যতা বিবেচনায় মিউজিক ভিডিও আকারে কিছু গান প্রকাশের কথা জানিয়েছেন ব্যান্ডের মুখপাত্র শাহেদ।
২০১৩ সালে যাত্রা শুরু হয়েছিল স্টোনের। তিন বছর পর প্রকাশিত হয় প্রথম গান ‘অবশ প্রলাপ’। ২০১৮ সালে প্রকাশিত হয় ‘ভুল স্বপ্ন’ ও ‘মা’ শিরোনামের দুটি গান। আর ২০২০ সালে প্রথম অ্যালবাম প্রকাশের কথা থাকলেও মহামারীর কারণে পিছিয়ে যায় সেই উদ্যোগ।
আসছে বছর জানুয়ারিতে চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, রাজশাহী ও সিলেটে সলো কনসার্টের মাধ্যমে ‘অবশ প্রলাপ’-অ্যালবাম মুক্তি উদযাপন করার কথা জানান শাহেদ।
তিনি বলেন, “স্টোন বাংলাদেশের একটি প্রগ্রেসিভ অ্যান্ড অল্টারনেটিভ রক ব্যান্ড। যদিও আমরা অন্যান্য ধারার সংগীতের উপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন নিরীক্ষা চালিয়েছি। ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সারা বাংলাদেশে আমরা বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছি। কনসার্টে ও টেলিভিশনে শ্রোতাদের সামনে গাইতে গাইতেই আমাদের বেড়ে ওঠা।
“এবার আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের শ্রোতাদের জন্য আমাদের বাছাইকৃত গানগুলো অ্যালবাম আকারে মুক্তি দিচ্ছি। ‘আলোর শিহরণ’-তেমনই একটি গান। আশা করছি শ্রোতাদের পছন্দ হবে।”
বর্তমানে স্টোন ব্যান্ডের লাইন আপ অজয় (ভোকাল), অভি (ড্রামস), শাহেদ (লিড গিটার), রাফি (বেজ গিটার), মিঠু (লিড গিটার)।
