শাহরুখকে দেখতে ভিড়, মোবাইল চুরির হিড়িক
চোর ধরতে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে।
জন্মদিনে শাহরুখকে একবার চোখের দেখা দেখতে মুম্বাইয়ে তার বাসভবন 'মান্নাত'র সামনে দূর-দূরান্ত থেকে জড়ো হয়েছিল হাজারো মানুষ। আর সেখানে ঘটেছে বিপত্তি। ওই ভিড়ের মধ্যে চুরি হয়েছে অন্তত ৩০টি মোবাইল ফোন।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ২৩ বছর বয়সী আরবাজ খান মুম্বাইয়ের বাসিন্দা। অন্যদের মত তিনিও মান্নাতের সামনে দাঁড়িয়েছিলেন শাহরুখ দর্শনে। ভিড়ের মধ্যে এক সময়ে আরবাজ টের পান তার পকেটের মোবাইল ফোনটি নেই।
সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে আরবাজ জানতে পারেন আরও ১৫ জনের বেশি মানুষ ফোন চুরির অভিযোগ করেছেন।
পরে অভিযোগকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ জন। চোর ধরতে কাজ করছে মুম্বাই পুলিশ।
কথা ছিল, বরাবরের মত এবারও মান্নাতের বাইরে জড়ো হওয়া ভক্ত-অনুরাগীদের দেখা দেবেন শাহরুখ। মান্নাতের বাইরে জন্মদিনের আগের রাত থেকে ভিড় বাড়তে থাকে। রাত ১২টার সময় তাদের দেখাও দেন শাহরুখ। ভক্তদের উদ্দেশে হাত নাড়েন, চিরচেনা রোমান্টিক পোজেও দাঁড়ান নায়ক।
পরে বৃহস্পতিবার সকালে একটি অনুষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে বের হন শাহরুখ। মান্নাতের দরজা দিয়ে শাহরুখের গাড়ি বের হলে, সে সময় সেই গাড়ি ছোঁয়ার চেষ্টা করেন কিছু অনুরাগী। তাদের দেখে সেই কাজটি করতে অনুপ্রাণিত হন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় উপস্থিত জনতার ওপরে লাঠিচার্জ করে পুলিশ। যদিও কোনো অনুরাগীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জন্মদিনের রাতে শহরের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে শাহরুখের বছরের তৃতীয় সিনেমা 'ডানকি'র টিজার প্রকাশ করেছেন নির্মাতা রাজকুমার হিরানি।
চলতি বছরের ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তি দিয়ে বলিউডে হিন্দি সিনেমার ‘সুদিন ফেরান’ শাহরুখ। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় হিন্দি, তামিল, তেলেগুতে মুক্তি পাওয়া ‘পাঠান’ হাজার কোটির ব্যবসা করে রেকর্ড গড়ে অল্প সময়ের মধ্যে।
‘ডানকি’ সারা বিশ্বে মুক্তি পাবে বড় দিনের আগে আগে, ২১ ডিসেম্বর। আর ভারতে মুক্তি পাবে পরদিন ২২ ডিসেম্বর।
শাহরুখের জন্মদিনে টিজার প্রকাশ ছাড়াও আগামী ১২ নভেম্বর সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমার মুক্তির সঙ্গে প্রেক্ষাগৃহে এই সিনেমার টিজার মুক্তি দেওয়া হবে।
