১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রামায়ণ’ নিয়ে ঝামেলায় নীতিশ

মান্টেনা ‘রামায়ণ’ সিনেমায় আর অর্থ বিনিয়োগ করতে চাইছেন না। কিন্তু পিছু হটার কারণও খোলাসা করছেন না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2024, 01:11 PM

Updated : 17 Mar 2024, 01:11 PM

রাণবীর কাপুর, অমিতাভ বচ্চন, সানি দেওলদের মত তারকাদের নিয়ে ‘রামায়ণ’ সিনেমা বানাতে বসে বিপদে পড়েছেন বলিউডি নির্মাতা নীতেশ তিওয়ারি। কারণ, না বলে কয়ে হুট করে এই সিনেমা থেকে হাত তুলে নিয়েছেন প্রযোজক মাধু মান্টেনা।

নিউজ এইট্টিন বলছে, মান্টেনা ‘রামায়ণ’ সিনেমায় আর অর্থ বিনিয়োগ করতে চাইছেন না। কিন্তু পিছু হটার কারণও খোলাসা করছেন না।

চলতি মাসের শেষ নাগাদ এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং শিডিউল রেখেছেন নির্মাতা। ২০২৫ সালে সিনেমা মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন তিওয়ারি। এর মধ্যে প্রযোজক চলে যাওয়ায় নির্মাতাকে কিছুটি বিপদেই পড়তে হয়েছে।

রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় রাম চরিত্রে রাণবীর কাপুর এবং রাবণ চরিত্রে দক্ষিণী তারকা যশের অভিনয় করার কথা।

সীতা চরিত্রে সাই পল্লবী এবং পরে জাহ্নবী কাপুর ও আলিয়া ভাটের নাম শোনা গিয়েছিল। পরে সাই পল্লবীকেই নির্বাচিত করেন নীতিশ। ‘দশরথ’ চরিত্রে হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চনের অভিনয় করার কথা এ সিনেমায়।

অন্যান্য চরিত্রের মধ্যে খলচিরত্র শূর্পনখা হওয়ার কথা রাকুল প্রীত সিংয়ের, কৈকেয়ী চরিত্রে অভিনয় করার কথা লারা দত্তের। ঠিক হয়েছিল হনুমানের চরিত্রে থাকবেন সানি দেওল, আর কুম্ভকর্ণ হবেন সানির ভাই ববি দেওল।

গেল বছর ৫০০ কোটি রুপির বেশি খরচ করে পরিচালক ওম রাউত রাম-রাবণ-সীতার কাহিনী নিয়ে বানিয়েছিলেন 'আদিপুরুষ'। সেখানে রাম হয়েছিলেন দক্ষিণী তারকা প্রভাস, সীতা হন বলিউডের কৃতি শ্যানন আর রাবণের ভূমিকায় কাজ করেছিলেন সাইফ আলী খান।

তবে মুক্তির আগে থেকেই নানা বিতর্ক-সমালোচনা সঙ্গী হয়েছিল। 'আদিপুরুষ' হলে আসার পরও তেমন দর্শক টানতে পারেনি।