ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত বরুণ ধাওয়ান
অসুস্থ হওয়ার পর এ অভিনেতার উপলব্ধি, “আমরা সবাই শুধু শুধু দৌড়াচ্ছি, কিন্তু কেউ জানতে চাইছি না কেন।”
ভারতের দক্ষিণী নায়িকা সামন্থা রুথ প্রভুর পর এবার বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের অসুস্থতার খবর সামনে এল।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতা নিয়ে খোলামেলা কথাবার্তা বলেছেন বরুণ। জানিয়েছেন, তিনি ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’ এ আক্রান্ত। সে কারণে আপাতত সব কাজ বন্ধ।
“এই অসুখের কারণে মানুষের শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। শুরুতে বুঝতে পারিনি কি হয়েছে। তার মধ্যেই বেশি পরিশ্রম করেছিলাম।“
অসুস্থতার পর ধাওয়ানের উপলব্ধি, “আমরা সবাই শুধু শুধু দৌড়াচ্ছি, কিন্তু কেউ জানতে চাইছি না কেন। আমাদের সবার বাঁচার একটি নির্দিষ্ট কারণ আছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি। আশা করছি মানুষ নিজেরটা খুঁজে নেবে।“
ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হলে কেন্দ্রীয় ভেস্টিবুলার সিস্টেমের কার্যকারিতা আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কান ও মস্তিষ্কের ভারসাম্য রক্ষাকারী অঙ্গগুলো তখন ঠিকভাবে কাজ করে না। তাতে মস্তিষ্কে সঠিকভাবে বার্তা পৌঁছায় না। সে কারণেই শরীরের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় সমস্যা দেখা দেয়।
এ রোগ দেখা দিলে মাথা ঘোরা, হাঁটাচলায় সমস্যা, গাড়ি চালাতে অসুবিধা, চলমান অবস্থায় লেখা পড়তে কিংবা অন্ধকারে বা অসমান রাস্তায় হাঁটতে অসুবিধা হতে পারে। এমনকি স্মৃতিশক্তি কমে যেতে পারে কারও কারও ক্ষেত্রে।
আঘাত, সংক্রমণ, জিনগত কিংবা স্নায়ুজনিত কারণে ভেস্টিবুলার হাইপোফাংশন দেখা দিতে পারে। এ জটিলতায় আক্রান্ত হলে দৈনন্দিন জীবনযাপনে প্রভাব পড়ে।
কোভিড মহামারীর প্রতিকূল সময়ে কিছুদিন কাজ বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু তারপর আবার সেই পুরনো প্রতিযোগিতায় সবাই ব্যস্ত হয়ে পড়েছে বলেই মনে করছেন এই অভিনেতা।
“যে মুহূর্তে মহামারীর পর আমরা কাজ শুরু করলাম, আবার সেই ইঁদুর দৌড়ে ঝাঁপিয়ে পড়লাম। কতজন মানুষ বলতে পারবে যে তারা নিজেদের বদলে ফেলেছেন? মানুষ আসলে আরও বেশি পরিশ্রম করছে।
“সত্যি বলতে আমি নিজে ‘যুগ যুগ জিও’র জন্য এতটাই পরিশ্রম করেছি যে আমার মনে হচ্ছিল কোনো নির্বাচনী প্রচারে নেমেছি আমি। সত্যি, নিজের উপর বেশি চাপ দিয়ে ফেলেছিলাম।“
এক দশক আগে বলিউডে পা রাখ বরুণ ধাওয়ান অভিনীত এবং নির্মাতা রাজ মেহরা নির্মিত ‘যুগ যুগ জিও’ চলতি বছর মুক্তি পাওয়ার পর ১৩৫ কোটি রূপি আয় করেছে।
কিছুদিন আগে বরুণের হরর-কমেডি সিনেমা ভেড়িয়ার ট্রেইলার প্রকাশ্যে এসেছে। তাতে নেকড়েরূপী বরুণকে দেখে দর্শকরা রোমাঞ্চিত। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় বরুণ জুটি বেঁধেছেন বলিউড নায়িকা কৃতি শ্যাননের সঙ্গে। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।
