২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মঞ্চে আসছে ‘হিড়িম্বা’

বৃহস্পতি ও শুক্রবার শিল্পকলা একাডেমির স্টুডিয়ো থিয়েটার হলে নাটক ‘হিড়িম্বা'র দুটি শো হবে।

ঢাকার মঞ্চে আসছে ‘হিড়িম্বা’

হিড়িম্বা নাটকের দৃশ্যে ফারজানা মুক্তো।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 10:46 PM

Updated : 01 May 2023, 04:28 PM

নাট্যদল ‘অন্তর্যাত্রা’ ঢাকার মঞ্চে আনছে ‘হিড়িম্বা’; রুবাইয়াৎ আহমেদের লেখা এই নাটক নির্দেশনা দিয়েছেন হাবিব মাসুদ।

বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিয়ো থিয়েটার হলে নাটকটির দুটি শো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈষম্যের শিকার হওয়া মহাভারতের রাক্ষুসী চরিত্র হিড়িম্বার ত্যাগের প্রেক্ষাপটেই রচিত হয়েছে নাটকটি। ‘হিড়িম্বা’তে একক অভিনয় করেছেন ফারজানা মুক্তো।

মহাভারতের কাহিনী অনুসারে, প্রেমের প্রবল টানে রাক্ষুসী নারী হিড়িম্বা ভাইয়ের খুনি ভীমকেই বিয়ে করেছিল নানা শর্ত মেনে। বিয়ের পর পুত্র ঘটোৎকচের জন্ম হওয়ার পর শর্তানুসারে হিড়িম্বা নিজের বাড়ি ফিরে যায়। কুরুক্ষেত্রে পান্ডবদের হয়ে লড়তে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে নিজের ছেলে ঘটোৎকচকে পাঠায় হিড়িম্বা। যুদ্ধক্ষেত্রে কর্ণের অস্ত্রে মারা যায় ঘটোৎকচ। স্বামী পরিত্যক্তা, সন্তানহারা হিড়িম্বার কণ্ঠে ঝরে আক্ষেপ।

Image

বৃহস্পতি ও শুক্রবার শিল্পকলা একাডেমির স্টুডিয়ো থিয়েটার হলে হবে নাটক হিড়িম্বার দুটি শো

হিড়িম্বা প্রসঙ্গে নাট্যকার রুবাইয়াৎ আহমেদ গ্লিটজকে বলেন, “মহাভারতে অত্যন্ত ক্ষুদ্র একটি অংশজুড়ে হিড়িম্বার কাহিনী রয়েছে। মহাকাব্যের যে কোনো নারী চরিত্রের ত্যাগের চেয়ে হিড়িম্বার অবদান কোনো অংশেই কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে তা অনেক চরিত্র থেকেই বেশি। অথচ রাক্ষস সম্প্রদায়ের হিড়িম্বা পূজ্য রূপে প্রতিষ্ঠা পায়নি। কেননা কাব্যে-পুরাণে কল্পিত রাক্ষসদের সচরাচর নেতিবাচক চরিত্ররূপে চিহ্নিত করা হয়। পৃথিবীকে সুন্দর আর বসবাসযোগ্য রাখার ক্ষেত্রে ব্যর্থতার সিংহভাগ দায় মূলত মানুষেরই।”

নির্দেশক হাবিব মাসুদ নাটক প্রসঙ্গে বলেন, “এখন পর্যন্ত সভ্যতার যত উন্নতি, তাতে মানবের জয়গান হয়েছে। অথচ যতশত ধ্বংসলীলা ঘটেছে সেও মানুষের অবিবেচক কর্মেরই ফল।

Image

হিড়িম্বা নাটকে একক অভিনয়ে রয়েছেন ফারজানা মুক্তো

“আবহমান বাংলার গল্প-বয়ানরীতিতে হিড়িম্বার ডিজাইন করা হয়েছে। বিশ্বাস করি, গায়েনের নৃত্য মৌলিক কিছু গানের সাথে মিলে মিশে দারুণ কিছুই হবে। সেক্ষেত্রে অন্তর্যাত্রাকে কৃতজ্ঞতা জানাতেই হয়।”

হিড়িম্বার মতো শক্ত চরিত্রে অভিনয় করার ঝুঁকি নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী ফারজানা মুক্তো। পুরো নাটক জুড়ে যিনি একাই মানবী ও রাক্ষসীরূপে আবির্ভূত হয়েছেন এ নাট্যকর্মী।

Image

হিড়িম্বা নাটকের কলাকুশলীরা

এছাড়া নাটকে সহকারী নির্দেশকের ভূমিকায় রয়েছেন খন্দকার রাকিবুল হক।