২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

জানা গেল লিসা মারি প্রিসলির মৃত্যুর কারণ

চিকিৎসকরা বলছেন, ‘ব্যারিয়াট্রিক’ অস্ত্রপচারের কারণে লিসা মারি প্রিসলির অন্ত্রের মুখ বন্ধ হয়ে গিয়েছিল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 11:54 AM

Updated : 14 Jul 2023, 11:54 AM

মৃত্যুর ছয় মাস পর জানা গেল ‘রক অ্যান্ড রোল’ কিংবদন্তি এলভিস প্রিসলির একমাত্র মেয়ে লিসা মারি প্রিসলির মৃত্যু হয়েছিল অন্ত্রের জটিলতা থেকে।  

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষকের কার্যালয় গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, অন্ত্রের মুখ বন্ধ হয়ে গিয়েছিল প্রিসলি কন্যার। যে কারণে তীব্র ব্যথ্যায় তিনি কষ্ট পাচ্ছিলেন।  এ ধারাবাহিকতায় তিনি হৃদরোগে আক্রান্ত হন।

লিসা মারি প্রিসলি নিজেও একজন সংগীত শিল্পী ছিলেন। গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে লিসা মারি প্রিসলিকে লস অ্যাঞ্জেলেসের শহরতলি ক্যালাবাসাসে তার বাড়ির শয়নকক্ষে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই শিল্পী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে সে সময় চিকিৎসরা জানিয়েছিলেন।

চিকিৎসকের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ কোলন ক্যান্সার, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো অস্ত্রোপচারের কারণে অন্ত্রর মুখ বন্ধ হয়ে যেতে পারে। এ ধরনের সমস্যা হলে অন্ত্রে ব্যথা হয়।

লিসা মারি প্রিসলির ক্ষেত্রে দেখা গেছে, কয়েক বছর আগে তার শরীরে যে ‘ব্যারিয়াট্রিক সার্জারি’ (ওজন কমানোর জন্য অস্ত্রোপচার) করা হয়েছিল, সেটাই ডেকে এনেছে বিপদ। এ ধরনের অস্ত্রোপচার দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি করে।

অস্ত্রোপচারের কারণে লিসা মারি প্রিসলির অন্ত্রের মুখ বন্ধ হয়ে গিয়েছিল বলে চিকিৎসকের প্রতিবেদনে জানানো হয়েছে।

এ ধরনের জটিলতায় ‘মৃত্যু বিরল’ বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্কের প্রভিডেন্স সেন্ট জোসেফ মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ড. অ্যাঞ্জেলিক ক্যাম্পেন।

তিনি বলেছেন, এ ধরনের সমস্যায় রোগী তীব্র ব্যথায় কষ্ট পান এবং হাসপাতালেও ভর্তি হতে হয়।

মৃত্যুর দুই দিন আগে লিসা মারি প্রিসলিকে শেষবারের মত জনসম্মুখে দেখা যায় বেভারলি হিলটনে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসরে।

তাকে শায়িত করা হয় ছেলে বেঞ্জামিন কিওফের পাশে। বেঞ্জামিন ২০২০ আসে ‘আত্মহত্যা’ করেছিলেন।

লিসা মারি প্রিসলি প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী। ১৯৯৪ সালে তারা বিয়ে করেছিলেন। দুই বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ হয় ১৯৯৬ সালে। 

লিসা মারি প্রিসলির জন্ম ১৯৬৮ সালে। মাত্র নয় বছর বয়সে, ১৯৭৭ সালে বাবা এলভিস প্রিসলিকে তিনি হারান।

তার সংগীত ক্যারিয়ার শুরু ২০০৩ সালে। প্রথম স্টুডিও অ্যালবাম ‘টু হুম ইট মে কনসার্ন। এরপর ২০০৫ সালে আসে তার ‘নাউ হোয়াট’ অ্যালবাম। তৃতীয় ও শেষ অ্যালবাম ‘স্টর্ম অ্যান্ড গ্রেস’ প্রকাশিত হয় বেশ বিরতি দিয়ে, ২০১২ সালে।

ব্যক্তি জীবনের চারবার বিয়ে করেন এই শিল্পী। চার সন্তানের মা হয়েছিলেন তিনি।

পুরানো খবর:

কিংবদন্তী শিল্পী এলভিস প্রিসলির মেয়ে লিসা মারির মৃত্যু