আড়াই বছরে ক্লাস সেভেনে সন্দীপ্তা?
গুরুপূর্ণিমার দিন নাচের গুরুকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সন্দীপ্তা।
আড়াই বছরে ক্লাস সেভেনে পড়তেন- মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন কলকাতার অভিনেত্রী ও নৃত্যশিল্পী সন্দীপ্তা সেন।
সোমবার গুরুপূর্ণিমার দিন নাচের গুরুকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সন্দীপ্তা। তাতে যুক্ত করে দেন ছোট্ট একটি নোট। আর তা থেকেই তীব্র ট্রোলের মুখে পড়তে হয় সন্দীপ্তাকে।
সন্দীপ্তা লেখেন, “নাচে আমার প্রথম হাতেখড়ি আড়াই বছর বয়সে, আমার জ্যেঠিমার কাছে। তখন মনে হয় আমি ক্লাস সেভেনে পড়ি, আমার জ্যেঠিমা এই নাচটা শিখিয়েছিলেন। এত বছর পর আরেকবার ট্রাই করলাম। আমি আমার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যারা আমায় অনুপ্রাণিত করেছিলেন। শুভ গুরু পূর্ণিমা।”
তাকে এক ভক্ত কটাক্ষ করে লেখেন, “কি যে বলেন? আড়াইবছর বয়সে কেউ ক্লাস সেভেনে পড়ে?”
আরও একজন লেখেন, “হায় ভগবান।”
যদিও অনেকে না বুঝেই অভিনেত্রীকে ট্রল করেছেন। সন্দীপ্তার পোস্টটি ভালো করে পড়লেই বোঝা যায়, তিনি আড়াই বছর বয়সে ক্লাস সেভেনে পড়তেন, তা বলতে চাননি। আড়াই বছর বয়সে তিনি নাচ শেখা শুরু করেন বলে জানিয়েছেন। আর যখন নাচটি শিখেছিলেন, তখন তিনি ক্লাস সেভেনে পড়তেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে সন্দীপ্তা সেন অভিনীত ‘নষ্টনীড়’। তিনি এই মুহূর্তে ওটিটি মাধ্যমেই কাজে মন দিতে চান।
