২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলার গায়েন সিজন-২’ চ্যাম্পিয়ন বাঁধন মোদক

এবার অনলাইনে ২৭ হাজারের বেশি শিল্পীর আবেদন জমা পড়েছিল এ প্রতিযোগিতায়।

বাংলার গায়েন সিজন-২’ চ্যাম্পিয়ন বাঁধন মোদক

বাংলার গায়েনের গ্র্যান্ড-ফিনালের জমাকালো আয়োজনে বিজয়ীরা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 02:32 PM

Updated : 21 Dec 2022, 02:32 PM

গানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’ এর দ্বিতীয় সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন বাঁধন মোদক। 

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন যৌথভাবে শান্তা ইসলাম ও সাথী আক্তার। দ্বিতীয় রানার-আপ হয়েছেন সোহেল ভেরো।

মঙ্গলবার রাতে আরটিভিতে প্রচারিত হয় বাংলার গায়েনের গ্র্যান্ড-ফিনালের জমাকালো আয়োজন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মাহমুদা মাহা। চূড়ান্ত পর্বে ছয়জন ফাইনালিস্টের সাথে কণ্ঠ মেলান তরুণ প্রজন্মের জনপ্রিয় সাত সংগীত শিল্পী- নোলক, কোনাল, রন্টিদাশ, রাশেদ, কিশোর ও আশিক। ফলাফল ঘোষণা এবং আতশবাজির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Image

চ্যাম্পিয়ন বাঁধন মোদক

অনুষ্ঠানে জানানো হয়, এবার অনলাইনে ২৭ হাজারের বেশি শিল্পীর আবেদন জমা পড়ে। সেখান থেকে বাছাই করে ৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ১৫০ জনকে নিয়ে স্টুডিও অডিশন রাউন্ড শুরু হয়। এর ধারাবাহিকতায় ছয়জনকে নিয়ে হয় গ্র্যান্ড ফিনালে।

বেঙ্গল সিমেন্ট নিবেদিত ‘বাংলার গায়েন সিজন-২’ এর পুরো আয়োজনে বিচারক ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইমন সাহা ও গীতিকবি কবির বকুল।

হাছান মাহমুদ বলেন, “বাংলা লোকগানে আধুনিক ইন্সট্রুমেন্টের ব্যবহারের ফলে তরুণ প্রজন্মের কাছে লোকগান আরো জনপ্রিয় হয়ে উঠেছে।”

আরটিভির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “সবসময় মেধাবী মানুষদের সম্মান জানাতে চেষ্টা করে আরটিভি। এ প্রতিযোগিতার মাধ্যমেও বেশকিছু গানের শিল্পীকে সবার সামনে তুলে ধরতে পেরেছি, এটাই আমাদের অর্জন। এর ফলে বাংলা লোকগান আরো সমৃদ্ধ হবে।”

অন্যদের মধ্যে বাউলশিল্পী শফি মণ্ডল, শিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।