২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারিকার মামলায় বদরুদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৫০ লাখ টাকা যৌতুকের জন্য মারধরের অভিযোগ করা হয়েছে এ মামলায়।

সারিকার মামলায় বদরুদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুদ্দিনের বিয়ে হয়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2022, 07:24 PM

Updated : 28 Nov 2022, 07:25 PM

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিনার করা মামলায় তার স্বামী জিএস বদরুদ্দিন আহম্মেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

ঢাকার মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা সোমবার সারিকার মামলাটি গ্রহণ করে এ আদেশ দেন।

‘৫০ লাখ টাকা যৌতুকের জন্য’ মারধরের অভিযোগে এদিন আদালতে মামলাটি দায়ের করেন সারিকা। তার জবানবন্দি গ্রহণ করে বিচারক আসামি বদরুদ্দিন আহম্মেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ আদালতের পেশকার আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ ডিসেম্বর দিন রেখেছেন বিচারক।  

মামলার আর্জিতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুদ্দিনের বিয়ে হয়। বিয়েতে ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের সময় সারিকার বাবা-মা বিয়েতে ২৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ বাসার যাবতীয় আসবাবপত্র উপহার হিসেবে দেন।

সারিকার অভিযোগ, বিয়ের কিছুদিন যেতে না যেতেই বদরুদ্দিন তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা ‘যৌতুক’ দাবি করেন এবং তাকে ‘মারধর করেন’। এরপর গত ৫ নভেম্বর বদরুদ্দিন আবারও তাকে ৫০ লাখ টাকা টাকা ‘এনে দিতে’ বলেন। সারিকা তাতে রাজি না হওয়ায় তাকে ‘মারধার করে’ এক কাপড়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন বদরুদ্দিন।

আর্জিতে বলা হয়, গত ১৯ নভেম্বর ঢাকার ধানমণ্ডিতে এ বিষয়ে এক সালিশ বৈঠকে বসে দুই পরিবার। সেখানে কথোপকথনের এক পর্যায়ে বদরুদ্দিন দাবি করেন, তাকে ব্যবসার জন্য ৫০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে সারিকার সঙ্গে তিনি সংসার করবেন না এবং তাকে তালাক দিয়ে আবারও বেশি টাকা যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করবেন।

২০০৬ সালে একটি মোবাইল কোম্পানির মডেল হয়ে সবার নজর কাড়েন সারিকা। এর চার বছর পর আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসার শুরু করেছিলেন সারিকা। সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে। মাহিম ও সারিকার একটি কন্যা সন্তান রয়েছে।