পরিবারভক্ত ব্র্যাড
পরিবারের কারণে নিজেকে সবচেয়ে সম্পদশালী ভাবেন ব্র্যাড পিট।
হলিউডি অভিনেতা ব্র্যাড পিট বলেছেন তার পরিবারের কারণে তিনি হলেন ‘পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তি’। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
ছয় সন্তানের বাবা ব্র্যাড আরও জানান, বাবা হওয়ার অভিজ্ঞতা তার জীবনের সবকিছুই পাল্টে দিয়েছে। জীবনকে অনেকভাবে সমৃদ্ধ করেছে।
ফিমেলফার্স্ট ইউকেকে ব্র্যাড বলেন, “বাবা হওয়ার অভিজ্ঞতা আমাকে পুরোপুরি বদলে দিয়েছে, আমাকে আরও দয়ালু করে তুলেছে। বাবা হওয়ার মাধ্যমে আপনি একটি পরিবারের মূল্য বুঝতে পারবেন, যখন আপনি দেখবেন আপনার ছেলেমেয়ে বড় হয়ে উঠছে।”
তিনি আরও বলেন, “আমার জীবনের একটি প্রধান বিষয় হল সন্তানরা। তাদের শিক্ষিত করে জীবনের পথে এগোতে সাহায্য করা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বাবা হওয়ার দায়িত্ব পালন করতে আমি খুবই ভালোবাসি এবং বাবা হওয়ার পর থেকে আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তি।”
সেইসঙ্গে পিট তার নিজের বাবা-মাকেও ধন্যবাদ জানান তাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য।
বাগদত্তা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে পিটের রয়েছে ছয় সন্তান। তারা হল-- ১১ বছরের ম্যাডক্স, ৯ বছরের প্যাক্স, ৮ বছরের জাহারা, ৬ বছরের শিলোহ এবং ৪ বছর বয়সী দুই যমজ নক্স এবং ভিভিয়ান।
