০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অস্কারে চড়কাণ্ড: ক্রিসের ‘সাড়া না পেয়ে’ স্মিথের পোস্ট

‘অনুতপ্ত’ উইল স্মিথকে ক্রিস রক বলেছেন, তিনি কথা বলতে ‘প্রস্তুত নন’।

অস্কারে চড়কাণ্ড: ক্রিসের ‘সাড়া না পেয়ে’ স্মিথের পোস্ট

অস্কার আসরে ক্রিস রকের গালে উইল স্মিথের সেই চড়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2022, 06:13 PM

Updated : 30 Jul 2022, 07:30 PM

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের সপাটে চড় কষানোর তিন মাস পর জানা গেল, ‘অনুতপ্ত’ স্মিথ তার অনুশোচনার কথা জানাতে ক্রিসের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া পাননি।

শেষমেশ কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে উইল স্মিথ বলেছেন, তিনি ‘গভীরভাবে অনুতপ্ত’।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, অস্কারের ৯৪তম আসরের মঞ্চে স্ত্রীর মুণ্ডিত মস্তক নিয়ে রসিকতার জবাবে বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেওয়া ওই চড়কাণ্ডের পর রকের কাছে স্মিথ ক্ষমা চেয়েছেন একাধিকবার।

পুরানো খবর:

অস্কার: চড় মারার জন্য ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন উইল স্মিথ

ক্রিসের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করেছেন। কিন্তু তাতে কাজ হয়নি। ক্রিস রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি কথা বলতে প্রস্তুত নন, সময় হলে স্মিথকে ডেকে নেবেন।

ছয় মিনিটের ওই ভিডিওতে ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে স্মিথ ওই ঘটনাকে বড় ধরনের ‘দুর্ঘটনা’ উল্লেখ বলেন, “আমি সবাইকে হতাশ করেছি। এই ব্যাপারটির জন্য আমি নিজেও কষ্ট পাচ্ছি।”

‘কিং রিচার্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবছর সেরা অভিনেতার অস্কার জিতেছেন ৫৩ বছর বয়সী উইল স্মিথ। তবে অনুষ্ঠানে সব ছাপিয়ে সামনে আসে তার হাতে ক্রিস রকের চড় খাওয়ার ঘটনা।

পুরানো খবর:

উইল স্মিথ অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ
Image

উইল স্মিথ।

গত মার্চের ওই ঘটনার ২৪ ঘণ্টা পেরুতে না পেরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে বিবৃতি দেন উইল স্মিথ। তবে দুঃখ প্রকাশ এবং পদত্যাগ করেও শাস্তি এড়াতে পারেননি। এই হলিউড তারকাকে অস্কারের আয়োজনে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

ভিডিওতে উইল স্মিথ বলেন, “গত কয়েকমাস ধরে ঘটনাটি নিয়ে আমি অনেক চিন্তা করেছি। ওই ঘটনার পর সমালোচনা যথার্থ ছিল। সেসবের উত্তর দিতে আমি একটু সময় নিতে চেয়েছি।”

ক্রিস ও তার পরিবারের উদ্দেশে উইল স্মিথ বলেন, “আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমার ভেতরের মানুষটি এমন হঠকারী কাজ সমর্থন করে না, করতে চায়ও না। কিন্তু রাগের মাথায় করে ফেলেছি। ওই সময়ে মাথা কাজ করেনি। পরে অনুশোচনা হচ্ছে। আমি বুঝতে পারিনি, আঘাতটা এত মানুষের বুকে বাজবে।”

ক্রিসের মায়ের কাছে বিশেষভাবে ক্ষমা চেয়ে জনপ্রিয় এই অভিনেতা বলেন, “আমি তার (ক্রিসের মায়ের) সাক্ষাৎকার শুনেছি। আমার স্ত্রী-সন্তানদের কাছেও ক্ষমাপ্রার্থী আমি। বিশ্বাস করুন, আমার স্ত্রী জাডার কোনো হাত নেই এই ঘটনায়। যা করেছি নিজের দোষে করেছি।”

পুরানো খবর:

অস্কার রজনীতে কী ঘটেছিল, এখনও বোঝার চেষ্টায় ক্রিস রক

এখন তার অপেক্ষা শুধু ক্রিসের জন্য জানিয়ে উইল স্মিথ বলেন, একবার যদি তিনি (ক্রিস) মুখোমুখি কথা বলতে রাজি হন তাহলে তিনি সবটা মিটিয়ে নিতে রাজি।

স্মিথ আরও জানান, নিজের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, “আমি মানুষ, আমি একটি ভুল করেছি। এবং নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করছি।”

এই অভিনেতা আরও জানান যেহেতু ক্রিস জানিয়েই দিয়েছেন তিনি সরাসরি কথা বলতে এখনও প্রস্তুত নন তাই তার ভাষ্য, “আমি তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমার আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। এবং তুমি যখনই কথা বলতে প্রস্তুত হবে, আমাকে তুমি পাবে। আমি আছি।”

পুরানো খবর:

উইল স্মিথের স্ত্রীকে নিয়ে ক্রিস রকের ‘রসিকতা’ নতুন নয়