Published : 26 Nov 2023, 12:52 PM
বলিউডে জায়গা শক্ত করতে চাওয়া নায়িকা রাশমিকা মানদানা তার তৃতীয় সিনেমা মুক্তির আগেই সমালোচিত হচ্ছেন। ‘অ্যানিমাল’ সিনেমার ট্রেইলারে তার মুখে হিন্দি সংলাপ জড়িয়ে গেছে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর দক্ষিণের এই অভিনেত্রীকে ভালো করে হিন্দি শেখার পরামর্শ দিচ্ছেন দর্শকরা।
আনন্দবাজার লিখেছে, ‘অ্যানিমাল’ সিনেমার ট্রেইলারে একটি দৃশ্যে রাণবীর ও রাশমিকাকে ঝগড়া করতে দেখা যায়। সেখানে সংলাপ বলতে গিয়ে বারবার হোঁচট খেয়েছেন রাশমিকা, কথা বলেছেন জড়িয়ে জড়িয়ে।
ভিডিও দেখে একজন বলেছেন, “দক্ষিণ থেকে হিন্দি ইন্ডাস্ট্রিতে আসতে চাইলে এমনটাই হবে।“
অন্য একজনের ভাষ্য, “অভিনয়টা একেবারেই পারেন না রাশমিকা। কথা বলার অবস্থা দেখে হচ্ছে হিন্দিটা চর্চায় নেই এতটুকু।”
আরেকজন বলেছেন, “আগে হিন্দি শিখুন, তারপর রাণবীরের পাশে দাঁড়ান।“
এর আগে বলিউডে ‘গুডবাই’ ও ‘মিশন মজনু’ নামে দুটো সিনেমা করেছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা। কিন্তু বক্স অফিসে দুটো সিনেমার কোনোটিই সুবিধা করে উঠতে পারেনি।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমাল’কে বলা হচ্ছে ‘গ্যাংস্টার ড্রামা’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর। রাণবীর ও রাশমিকা ছাড়াও তারকাবহুল এ সিনেমায় আছেন অনিল কাপুর, ববি দেওল ও তৃপ্তি দিমরি।
সিনেমার সাড়ে তিন মিনিটের ট্রেইলারে মারামারির শ্বাসরুদ্ধকর সব দৃশ্যে পাওয়া গেছে রাণবীর কাপুরকে। বাবা-ছেলে সম্পর্কের জটিল দ্বন্দ্বের প্রেক্ষাপটে সাজানো ‘অ্যানিমাল’ এ নায়ককে বিপথে চালিত হতে দেখা যায়। মূলত বাবার প্রতি অন্ধ ভালোবাসাই একসময় তাকে মানসিকভাবে বিকারগ্রস্ত করে তোলে, ঠেলে দেয় অন্ধকার জগতে।
হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর
আরও পড়ুন
‘অ্যানিমাল’-এর ট্রেইলারে সঞ্জয় দত্ত কেন?
‘অ্যানিমাল’ এর ট্রেইলারে ধুন্ধুমার অ্যাকশন