১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ওদের মুখের হাসিই আমার যন্ত্রণা দূর করে: রাশমিকা

‘রণবলী’ সিনেমায় জায়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে এই বিশেষ কাজে অনুপ্রাণিত হয়েছেন রাশমিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 11:08 PM

Updated : 14 Oct 2026, 11:09 PM

ভারতের চারশ পরিবারের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী রাশমিকা মানদানা। আগামী তিন মাস এসব পরিবারের সদস্যদের মুখে খাবার যোগানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি।

এই খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। রাশমিকা বলেছেন, ‘রণবলী’ সিনেমায় রণবলীর স্ত্রী জায়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি এই বিশেষ কাজে অনুপ্রাণিত হয়েছেন। বিয়ের পর এই সিনেমা দিয়ে বড়পর্দায় একসঙ্গে আসছেন রাশমিকা ও বিজয় দেবরাকোণ্ডা।

এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ফলে তারা আগামী তিন মাসের বাজারের খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করতে পারবে বলে আশা অভিনেত্রীর। সোশাল মিডিয়ায় একটি ভিডিও দিয়েছেন রাশমিকা। সেখানে দেখা যাচ্ছে, রাশমিকার টিমের সদস্যরা এসব পরিবারের হাতে হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন।

রাশমিকা বলেন, “আপনারা অনেকেই জানতে চান, জায়াম্মার সঙ্গে আমার কোনও মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালবাসি, জায়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।”

রাশমিকা বলেছেন, এই বিষয়টি এত দিন নিজের মধ্যেই রাখতে চেয়েছিলেন তিনি। তার সহযোগী দলের কয়েক জন সদস্য কেবল জানতেন। আর তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন। কিন্তু এ বার তার মনে হয়েছে, এই কাজের কথা জানালে অন্যেরাও হয়তো অনুপ্রাণিত হবেন।

অভিনেত্রীর কথায়, “আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তা হলে আমার খুব ভালো লাগবে।

“আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতি বার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। এই মানুষগুলির মুখের হাসি আমার কাছে অমূল্য। কাজ করতে গিয়ে রাত জেগেছি, চোট পেয়েছি, কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলি তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়।”

রাশমিকা ও বিজয়ের আগামী সিনেমা ‘রণবলী’ নির্মিত হয়েছে ভারতের দুর্ভিক্ষকে কেন্দ্র করে। ব্রিটিশ শাসনামলে এই দুর্ভিক্ষে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়। খরার কারণে ফসল নষ্ট হয়ে য়ায়, অনাহারে প্রাণ বহু মানুষ। সিনেমায় রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয়।