Published : 04 Apr 2026, 11:38 AM
গানের দল ‘রকসল্ট’ নিয়ে এসেছে তাদের নতুন আরও একটি গান 'বলো তুমি কে?'। গানটির কথা লিখেছেন
ব্যান্ডের ড্রামার সৈয়দ আরিফুল ইসলাম আওয়ান।
রকসল্ট গ্লিটজকে জানিয়েছে, 'বলো তুমি কে?' গানটি মিউজিক্যাল ভিডিও আকারে প্রকাশ পাবে আগামী ৯ এপ্রিল। রকসল্টের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি প্রচার হবে বেশ কিছু অডিও প্ল্যাটফর্মে।
গানটি নিয়ে ব্যান্ডের সদস্যরা বলেছেন, ‘বলো তুমি কে?’ গানের কথাগুলো মূলত আত্ম-অন্বেষণ ও মানসিক দ্বন্দ্বের গল্পে লেখা হয়েছে। গানটিতে এমন এক মানুষের যাত্রা তুলে ধরা হয়েছে, যে একসময় স্বাভাবিক জীবন যাপন করলেও ধীরে ধীরে নিজের দিকনির্দেশনা হারিয়ে ফেলে।
ভুল সিদ্ধান্ত, মানসিক চাপ এবং আত্মিক নীরবতা তাকে তার আসল সত্তা থেকে দূরে সরিয়ে দেয়। চারপাশে সবকিছু থাকলেও ভেতরে ভেতরে সে একা হয়ে পড়ে।
গানটির রেকর্ডিং ও মিক্স-মাস্টার হয়েছে স্টুডিও মার্সে, সৈয়দ আরিফ আল হকের পরিচালনায়। মিউজিক ভিডিও নির্মাণ করছে ‘র-এক্সপোজার’ টিম। ভিডিওটি প্রযোজনা করছে হেভিট বাংলাদেশ এবং উপস্থাপন করবে প্লে-বাংলাদেশ।
এছাড়া, ব্যান্ডটির স্পেশাল এডিশন টি-শার্ট পাওয়া যাবে হেভি মেটাল টি-শার্টের সকল আউটলেটে।
২০২৪ সালের ডিসেম্বরের ৪ তারিখ তৈরি হয় ব্যান্ড 'রকসল্ট'। রক শিল্পীদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো ‘দ্য কেইজে’ গিয়ে গঠিত দলটি।
গত বছরের অগাস্টে ব্যান্ডটি প্রকাশ করেছে তাদের প্রথম গান ‘নিষ্পত্তি’। এরপর প্রকাশ পায় ‘অগ্নিবীণা’।
রকসল্টের বর্তমান সদস্যরা হলেন সাজ্জাদ আল নাহিয়ান, তিনি ব্যান্ডের ভোকাল হিসেবে আছেন। বেজ গিটারে মো. সৈয়ব রেজা রাজিব, গিটারে রাযিন মুহতাদী শিহাব ও অরূপ চৌধুরী, ড্রামসে সৈয়দ আরিফুল ইসলাম আওয়ান।