পিংক ফ্লয়েড তারকা ওয়াটারসের সমালোচনায় ইউক্রেইন
ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘পশ্চিমাদের উস্কানির পরিণাম’ বলে মন্তব্য করেন রজার ওয়াটারস।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘পশ্চিমাদের উস্কানির পরিণাম’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড পিংক ফ্লয়েডের সাবেক সদস্য রজার ওয়াটারস। তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইউক্রেইন।
বিবিসি জানায়, বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার আমন্ত্রণে বক্তব্য রাখেন পিংক ফ্লয়েড তারকা।
ভিডিও লিংকের মাধ্যমে সভায় যোগ দেন রজার ওয়াটারস। তার বক্তব্যে তিনি তাৎক্ষণিক অস্ত্রবিরতির আহ্বান জানান এবং ‘বেআইনি’ এই সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়ার সমালোচনা করেন। তবে তিনি একইসঙ্গে এটাও পশ্চিমা দেশগুলোকে এই অভিযানের ‘উস্কানিদাতা’ হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধেও বর্তমান পরিস্থিতি সৃষ্টির দায়ভার চাপান।
রজারের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতিসংঘে ইউক্রেইনের রাষ্ট্রদূত সেরগেই কিসলিৎসিয়া বলেন, পিংক ফ্লয়েড তারকার এই বক্তৃতা রাশিয়ার মিথ্যাচারের ‘দেয়ালে আরেকটি ইট’ যুক্ত করেছে।
এ মাসের শুরুতে জার্মানির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ৭৯ বছর বয়সী এই রক তারকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বের প্রশংসা করেন। এরই পরিপ্রেক্ষিতে রাশিয়ার পক্ষ থেকে এই শিল্পীকে নিরাপত্তা পরিষদের সভায় বক্তৃতা করার আমন্ত্রণ জানানো হয়।
কিন্তু রজারের বক্তব্য সম্ভবত তার আমন্ত্রণদাতাদেরও অবাক করেছে, বিশেষ করে চলমান যুদ্ধ নিয়ে তার অবস্থান বদলে গেছে।
ভিডিও লিংকে দেওয়া বক্তব্যে রজার বলেন, “ইউক্রেইনে রুশ ফেডারেশনের পরিচালিত সামরিক অভিযান বেআইনি। আমি আমার সম্ভাব্য সর্বোচ্চ অবস্থানে থেকে এর নিন্দা জানাচ্ছি।
“তবে এটাও খেয়াল করা উচিৎ যে ইউক্রেইনে রাশিয়ার অভিযানের পেছনে কোনো উস্কানি ছিল না, তা মনে করা উচিত হবে না। তাই উস্কানিদাতাদের প্রতিও আমি সর্বোচ্চ অবস্থান থেকে নিন্দা জানাচ্ছি।”
এই তারকা শিল্পী বলেন, তিনি রাশিয়ার দৃষ্টিভঙ্গী তুলে ধরার চেষ্টা করেননি, বরং তিনি এই পৃথিবীর চারশ কোটি ভাই-বোনের পক্ষ হয়ে কথা বলেছেন।
“লাখ লাখ মানুষ, যাদের কণ্ঠ শোনা যায় না, তারা কী বলছে? তারা বলছে, আমাদের কথাটি শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা অনেক অনেক সংখ্যক মানুষ, যারা এই যুদ্ধ খাত থেকে উপার্জিত মুনাফার ভাগীদার নই।”
“আপনাদের কামানের লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য আমরা খুব আগ্রহ নিয়ে আমাদের ছেলে-মেয়েদের বড় করে তুলি না। আমাদের মত হচ্ছে, আজকে একমাত্র যুক্তিপূর্ণ পদক্ষেপটি হচ্ছে ইউক্রেইনে একটি তাৎক্ষণিক অস্ত্রবিরতি ঘোষণা করা। আর একটিও ইউক্রেনীয় বা রুশ জীবন যাতে নষ্ট না হয়, একটিও না, আমাদের দৃষ্টিতে তাদের প্রত্যেকের জীবন মূল্যবান।”
রজার ওয়াটারসের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজায়া এই সংগীত শিল্পীর ‘সামরিক অভিযানকে বেআইনি আখ্যা’ দেওয়ার বিষয়টি এড়িয়ে যান। এই কূটনীতিক অভিযোগ করেন, তার দেশের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যুদ্ধ ঘোষণা করেছে।
নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশের প্রতিনিধিরা অবশ্য পিংক ফ্লয়েড তারকার বক্তব্য নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া জানাননি।
