১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নকলার গ্রামে চিরনিদ্রায় অভিনেত্রী সীমানা

মঙ্গলবার ভোর ৬টায় লাইফ সাপোর্ট খুলে নিয়ে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নকলার গ্রামে চিরনিদ্রায় অভিনেত্রী সীমানা
রিশতা লাবনী সীমানা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:24 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

মাত্র ৩৯ বছরের জীবন শেষ করে ফিরে গেলেন নিজের গ্রামে; পারিবারিক কবরস্থানে চিরঘুমে শায়িত হলেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। 

মঙ্গলবার রাত ৮টায় দ্বিতীয় জানাজা শেষে শেরপুরের নকলা উপজেলায় বাজারদি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন সীমানার ভাই এজাজ বিন আলী।  

এর আগে ঢাকায় চ্যানেল আই প্রাঙ্গণে দুপুরে তার জানাজা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সীমানার দীর্ঘদিনের সহকর্মীরা। 

চ্যানেল আইতে সীমানার মরদেহ নিয়ে এলে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ। দীর্ঘদিনের সহকর্মীরা অভিনেত্রীকে ফুল দিয়ে শেষ বিদায় জানান। 

সে সময় অভিনেত্রীর দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গ সেখানে উপস্থিত ছিল।   

অভিনেত্রী সীমানার দুই ছেলে 

অভিনেত্রী সীমানার দুই ছেলে

গত ২১ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল সীমানাকে। তার লিভারেও কিছু সমস্যা ছিল।

সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছিল সীমানাকে। কিন্তু জ্ঞান না ফেরায় গত ২৯ মে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়; নেওয়া হয় লাইফ সাপোর্টে। 

মঙ্গলবার ভোর ৬টায় লাইফ সাপোর্ট খুলে নিয়ে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। পরে নাটকেও অভিনয় শুরু করেন।

শেরপুরের নকলার পৌর শহরের কায়দা বাজারদী কবরস্থান মাঠে অভিনেত্রী সীমানার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

শেরপুরের নকলার পৌর শহরের কায়দা বাজারদী কবরস্থান মাঠে অভিনেত্রী সীমানার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। বিরতি কাটিয়ে ২০২৩ সালে ফিরেছিলেন। 

জীবনের সীমানা পেরিয়ে গেলেন অভিনেত্রী সীমানা