১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুক্তি পিছিয়েছে ‘নন্দিনী’র

"মানসিকভাবে তো আসলে এখন কেউ ভালো নেই, এই অবস্থায় সিনেমা দেখবে কে!"

মুক্তি পিছিয়েছে ‘নন্দিনী’র
‘নন্দিনী’ সিনেমার দৃশ্যে নাজিরা মৌ ও ইন্দ্রনীল সেনগুপ্ত

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2024, 09:27 AM

Updated : 26 Aug 2026, 10:10 AM

কোটা আন্দোলন ঘিরে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ‘নন্দিনী’ সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা ও কলকাতার দুই অভিনয় শিল্পী নাজিরা মৌ ও ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে তৈরি এ সিনেমা মুক্তির কথা ছিল শুক্রবার। 

কিন্তু আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। ‘নন্দিনী’ মুক্তির নতুন তারিখও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

রাসেল গ্লিটজকে বলেন, "এক সপ্তাহ আগে আমরা ‘নন্দিনী’ সিনেমার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিই। এই পরিস্থিতিতে সিনেমা মুক্তি দিতে চাইছি না। মানসিকভাবে তো আসলে এখন কেউ ভালো নেই। এই অবস্থায় সিনেমা দেখবে কে! তাই মুক্তি পিছিয়ে দিয়েছি। 

“পরিস্থিতি স্বাভাবিক হলে, নতুন তারিখ ঠিক করার কথা ভাবব, মানুষের জীবনযাপন ঠিকঠাক হলে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।"

সিনেমা মুক্তি দিতে না পারায় খানিকটা ‘হতাশা’ প্রকাশ করে রাসেল বলেন, “দীর্ঘ সময়ের পরিশ্রম গেছে, তাই  খারাপ লাগা তো আছেই। যদি মুক্তির পর এই পরিস্থিতি তৈরি হত, তাহলে ক্ষতিটা আবার বেশি হত। তাই ভালো সময় দেখে মুক্তির অপেক্ষায় আছি।"

‘নন্দিনী’ সিনেমায় নাম ভূমিকায় আছেন ঢাকার অভিনেত্রী নাজিরা মৌ ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। পরিতোষ বাড়ৈয়ের ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে এ সিনেমা নির্মাণ করেছেন রাসেল।

রাসেল ‘নন্দিনী’ নির্মাণের চড়াই-উৎরাইয়ের গল্প তুলে ধরেছেন গ্লিটজের কাছে। 

তিনি বলেছেন, ২০১৯ সালের শেষ দিকে নন্দিনী সিনেমার শুটিং শুরু হয়েছিল। ওই সময় এক লট শুটিং হওয়ার পর পর ২০২০ সালে মহামারী শুরু হয়ে যায়। প্রায় দেড় বছর কাজ বন্ধ করে তাদের বসে থাকতে হয়েছে সিনেমাটি নিয়ে। 

“তারপরও আরো কিছু সমস্যা আসে। গত কয়েক বছরে যাবতীয় কাজ শেষে অবশেষে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য সব কাজ সারা হয়।”

নির্মাতা বলেন, "নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমা 'নন্দিনী'।”

নন্দিনীর চরিত্রে দেখা যাবে মৌকে। আর ইন্দ্রনীল হয়েছেন পলাশ, যিনি একজন সাংবাদিক।

রাসেল নাটক ও টেলিফিল্ম বানিয়ে পরিচিতি পেলেও ‘নন্দিনী’ তার প্রথম সিনেমা।

তিনি বলেন, “‘নরক নন্দিনী’ উপন্যাস পড়ার পর মনে হল, এটি নিয়ে সুন্দর একটি সিনেমা নির্মাণ করা যেতে পারে। তারপর প্রস্তুতি নিয়েই নির্মাণে নামা। শিল্পীরা যথেষ্ট ভালো ছিলেন, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভালো ছিল।"

এ সিনেমায় পাঁচটি গান শোনা যাবে। জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈয়ের কথায় গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, নাজমুন মুনিরা ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ এবং স্বরলিপি দোলা।

ইন্দ্রনীল-মৌ ছাড়া আরো অভিনয় করেছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ আরো কয়েকজন।

পুরনো খবর

ইন্দ্রনীল-মৌয়ের 'নন্দিনীবড় পর্দায় অগাস্টে