১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঈদের শুভেচ্ছা জানিয়ে বর্জ্য পরিচ্ছন্ন করার তাগিদ বুবলীর

ঈদে মুক্তি পাওয়া নিজের দুটি সিনেমা দেখার অনুরোধও রেখেছেন এই চিত্রনায়িকা।

ঈদের শুভেচ্ছা জানিয়ে বর্জ্য পরিচ্ছন্ন করার তাগিদ বুবলীর

শবনম বুবলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2023, 04:26 PM

Updated : 02 Jul 2023, 06:14 PM

ভক্তসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আনন্দে সময় কাটানোর পাশাপাশি কোরবানির বর্জ্য সবাইকে নিজ উদ্যোগে পরিষ্কার করে ফেলার আহ্বান জানিয়েছেন শবনম বুবলী।

কোরবানির ঈদ উপলক্ষে ফেইসবুকে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান চিত্রনায়িকা, এবার ঈদে যার দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

ভিডিওতে বুবলী বলেন, “এবার ঈদে কোরবানির পশু কাটাকাটির কারণে একটু অপরিষ্কার হয়ে যাবে চারদিক। তাই সবার সচেতনতা থেকে সবাই মিলে যদি নিজেদের উদ্যোগে আশপাশটা পরিচ্ছন্ন রাখি।তাতে আমাদেরই ভালো হবে।।”

মেহেদী রাঙা হাতে আসা এই ভিডিও বার্তায় ঈদে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যেতেও সবার প্রতি অনুরোধ জানান বুবলী।

“অবশ্যই বাংলা সিনেমা দেখতে ভুলবেন না। আমার দুটি সিনেমা রিলিজ হচ্ছে। প্রহেলিকা ও ক্যাসিনো। একটু সময় বের করে সিনেমা হলে গিয়ে পরিবার-পরিজনদের সঙ্গে উপভোগ করুন এই দুটি মুভি।”

চয়নিকা চৌধুরী নির্মিত প্রহেলিকায় বুবলী রয়েছেন মাহফুজের বিপরীতে। অন্যদিকে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’তে তার নায়ক নিরব।