পিনকেট স্মিথের চুল ফিরছে
অ্যালোপেশিয়া রোগের কারণে কয়েক বছর হল পিনকেট স্মিথ নিজের মাথা প্রায় কামিয়ে রাখছেন।
হলিউডি আভিনেত্রী জেডা পিনকেট স্মিথের মুণ্ডিত মস্তক নিয়ে রসিকতার জের ধরে গত বছর অস্কার মঞ্চে ঘটেছিল চড়কাণ্ড। যার জল গড়ায় বহুদূর, সে সময় জানা গিয়েছিল পিনকেটের মুণ্ডিত মস্তকের পেছনের গল্প। এখন নতুন খবর হল স্মিথের মাথায় নতুন করে চুল গজাচ্ছে।
সিএনএন বলছে, ইনস্টাগ্রামে দুইটি ছবি পোস্ট করেছে পিনকেট নিজেই তার মাথায় চুল গজানোর খবর জানিয়েছেন।
পাশাপাশি দুটি ছবির একটিতে মুণ্ডিত মাথার পিনকেট, আরেকটিতে তার মাথা ছাওয়া সাদা রঙের চুল।
ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, “দেখে মনে হচ্ছে নতুনভাবে চুল গজাতে শুরু করেছে। এখনও কিছু সমস্যা রয়েছে, দেখা যাক।"
পিনকেটকে গত কয়েকবছর ধরে চুল ছাড়া অবস্থায় দেখা গেলেও আগে এমনটা ছিল না। ২০১৮ সালে অ্যালোপিশিয়া রোগে আক্রান্ত হওয়ার পর তার চুল ঝরে যায়।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস বলছে, অ্যালোপিশিয়া অরিয়াটা রোগটি তখন হয়, যখন কোনো ব্যক্তির দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা চুলের ফলিকলকে আক্রমণ করে। আর এর ফল হিসেবে চুল ঝরে পড়ে।
চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে এই আক্রমণ করে থাকে। কিন্তু কেন এই ভুল হয়, সেটার নিশ্চিত কারণ এখনও বের করা যায়নি। জেনেটিক কারণে কেউ যেমন এই রোগে আক্রান্ত হতে পারেন, আবার তার বাইরে পরিবেশগত কারণেও আক্রান্ত হতে পারেন।
মূলত রোগীর চুল ও মুখমণ্ডলেই এই রোগের প্রভাব পড়ে। সাধারণত মাথার কোনো একটি অংশ থেকে চুল ঝরে পড়ে।
পিনকেট স্মিথ ২০১৮ সালে নিজের এই রোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে বলেছিলেন, প্রথমে তিনি ভয় পেয়েছিলেন যখন গোসল করতে গিয়ে দেখেন তার চুল গোছা ধরে গোড়া থেকে ঝরে পড়ছে।
এরপর পুরো মাথার চুল ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন পিনকেট। আর এই অবস্থায় ২০২১ সালে প্রথম অভিনয় করেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে পুরস্কার বিতরণী চলার সময় পিনকেটের মুণ্ডিত মাথা নিয়ে রসিকতা করেছিলেন কমেডিয়ান ক্রিস রক। এরপর সবাইকে হতবাক করে মঞ্চে উঠে তাকে সপাটে চড় কষান উইল স্মিথ, যিনি সেবার সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন। ।
বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেওয়া ওই চড়কাণ্ডের পর রকের কাছে স্মিথ ক্ষমা চেয়েছেন একাধিকবার। ক্রিসের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করেছেন স্মিথ। কিন্তু তাতে কাজ হয়নি। ক্রিস রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি কথা বলতে প্রস্তুত নন, সময় হলে স্মিথকে ডেকে নেবেন।
ওই ঘটনার ২৪ ঘণ্টা পেরুতে না পেরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে বিবৃতি দেন উইল স্মিথ। তবে দুঃখ প্রকাশ এবং পদত্যাগ করেও শাস্তি এড়াতে পারেননি। এই হলিউড তারকাকে অস্কারের আয়োজনে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
আরও পড়ুন
