১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

‘রানি ভারতী’ হতে মুণ্ডিত মস্তকে হুমা

”ন্যাড়া মাথায় ক্যামেরার সামনে দাঁড়ানোর শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম, একই সঙ্গে ভীষণ রোমাঞ্চিতও ছিলাম।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 01:08 PM

Updated : 15 Nov 2026, 01:08 PM

চরিত্রের প্রয়োজনে নিজেকে প্রায়শই বদলে ফেলতে হয় অভিনয়শিল্পীদের। ওজন কমানো, বাড়ানো থেকে লুক চেঞ্জসহ, নানা ধরনের পরিবর্তন আনা হয় বারবার। সে পথে দেখা গেল এবার বলিউডি অভিনেত্রী হুমা কুরেশিকে।

ওয়েব সিরিজ ‘মহারানি’র পঞ্চম সিজনে রানি ভারতী হয়ে ফিরতে চলেছেন তিনি। এ বার চেহারায় বড় চমক এনেছেন তিনি। নতুন লুকে হুমাকে পাওয়া গেছে মুণ্ডিত মস্তকে।

নিউজ এইট্টিন জানিয়েছে, চরিত্রের জন্যই এমন সাহসী সিদ্ধান্ত নিয়েছেন হুমা।

অভিনেত্রী বলেছেন নতুন লুকে নিজেকে আনতে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তিনি। কারণ এর আগে কখনও এমন পরীক্ষা নিরীক্ষা করেননি তিনি।

মুণ্ডিত মস্তকে কাজ করার অভিজ্ঞতা হুমার জন্য একেবারেই নতুন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “এ মৌসুমে আমাকে এমন কিছু করতে হয়েছে, যা আগে কখনো চেষ্টা করিনি। ন্যাড়া মাথায় ক্যামেরার সামনে দাঁড়ানোর শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম, একই সঙ্গে ভীষণ রোমাঞ্চিতও ছিলাম।”

তবে এই ধরনের লুক তাকে ভারতী হয়ে উঠতে আরও বেশি করে অনুপ্রাণিত করেছে বলে ভাষ্য হুমার।

তিনি বলেন, “সবসময় এমন চরিত্রের প্রতি আকৃষ্ট হয়েছি, যেগুলোর নানা স্তর রয়েছে। রানি ভারতীর মতো চরিত্রের প্রস্তাব খুব বেশি আসে না। রানি ভারতী প্রচলিত নিয়মকে বারবার চ্যালেঞ্জ করে এবং নিজের পথ তৈরি করার শক্তি রাখে।”

হুমা বলেন তিনি ছকভাঙা কিছু করায় বিশ্বাসী। প্রতিটা সিজনেই এই চরিত্র নানা চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে তাকে। তবু বার বার রানির ভূমিকায় অভিনয় করতে চান বলে জানিয়েছেন হুমা। নির্মাতারও তার উপর আস্থা রেখেছে বলে জানিয়েছেন হুমা।

এ বারের সিজনের গল্প নানা ভাবে চমক দেবে দর্শকদের। রাজনীতির আঙিনায় রানীর উত্থান থেকে ক্ষমতার লড়াই, নানা প্রতিকূলতা দেখেছেন দর্শক।

হুমার কথায় এ বার গল্পে আসতে চলেছে আরও বড় মোড়। আসছে বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এই সিজন।