Published : 23 May 2026, 12:44 PM
বলিউডি তারকা শাহরুখ খানের ‘কিং’ সিনেমার মূল চরিত্রদের লুক ফাঁস হওয়ার পর নির্মাতা টিম নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছেন। কারণ নিরাপত্তা নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে।
সিনেমার ফাঁস হওয়া কয়েকটি দৃশ্য, পাপারাজ্জিদের ভিডিও ও শুটিং সেটের স্থিরচিত্র জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে প্রায় ১৫ মিনিটের একটি ভিডিও। যা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ওই ভিডিওর নাম দেওয়া হয়েছে ‘মিনি কিং’। এই ভিডিও বানানো হয়েছে এআই দিয়ে।
এর আগে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের নাচের মুহূর্ত ছড়িয়ে পড়েছে, কখনো বা সুহানা খানের দেখা মিলছে। কদিন আগে ফাঁস হয়েছে খলনায়ক চরিত্রে অভিষেক বচ্চনের লুক।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ফাঁস হওয়া দৃশ্য নিয়েও বিরক্ত হয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এখন ‘মিনি কিং’ তৈরির পর পুরো সিনেমা নিয়ে শঙ্কিত প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’।
নির্মাতা টিমের ভাষ্য, এআই দিয়ে বানানো ভিডিওটি পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। কারণ এটি কেবল সাধারণ কোনো ক্লিপ নয়। এই ভিডিও সিনেমার গল্প বলার চেষ্টা করছে। যা দর্শকদের বিভ্রান্ত করতে পারে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ ফাঁস হওয়া ভিডিও ও ছবিগুলো ছড়িয়ে না দেওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেন, দর্শকদের বড় পর্দায় চমক উপভোগ করার সুযোগ নষ্ট করা উচিত নয়।
এদিকে পশ্চিম এশিয়ায় ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব পড়ে ‘কিং’ সিনেমার শুটিংয়ের সূচিতে। সিনেমার বড় অ্যাকশন সিকোয়েন্স দুবাইয়ের মরুভূমিতে শুট হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয় গেল মাসে। এখন শুটিং চলছে মুম্বাইয়ে।
এআই ঘটনার পর মুম্বাইয়ের ঘোডবন্দর রোড এলাকায় শুটিংয়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। শুটিংয়ের এলাকাটি জনবহুল হওয়ায় নিরাপত্তা বজায় রাখা সহজ হচ্ছে না টিমের জন্য।
বিশেষ করে অ্যাকশন দৃশ্য ও গুরুত্বপূর্ণ অংশের দৃশ্য ধারণের সময় ইউনিটের বাইরে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। বাইরে থেকে কেউ যাতে ছবি বা ভিডিও তুলতে না পারেন, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
চলতি বছরের ডিসেম্বরের ২৪ তারিখে মুক্তি পাচ্ছে ‘কিং’।
‘কিং’ সিনেমার কাজ শেষ পর্যায়ে আছে। শুটিংয়ের জন্য আরও দুই মাস হাতে রেখেছেন আনন্দ। প্যাচওয়ার্ক, অতিরিক্ত অ্যাকশন দৃশ্য ও ভিএফএক্সের কাজ একসঙ্গে চলছে। জুলাইয়ের শেষ নাগাদ পুরো কাজ শেষ করার লক্ষ্য এগিয়ে যাচ্ছেন তারা।
‘কিং’ সিনেমার মূল চমক হল সুহানা খান। বাবার সঙ্গে ‘কিং’ দিয়েই মূলত ব্ড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানার। এই সিনেমার জন্য মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণও নিজে হাতে দিয়েছেন শাহরুখ।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।
‘দ্য কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।
সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভয় ভার্মা। আছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসিও।
এছাড়া রানি মুখার্জি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে তার চরিত্র গুরুত্বপূর্ণ।
সংলাপ লিখেছেন আব্বাস টায়ারওয়ালা। সংগীত পরিচালনায় থাকবেন দক্ষিণের পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর; যিনি ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন।
আরও পড়ুন-
অপেক্ষা শেষ, এল শাহরুখের 'কিং' মুক্তির তারিখ
শাহরুখের 'কিং', টানা আট রাতে বিশেষ দৃশ্যের শুটিং
'কিং': শাহরুখকন্যা সুহানার মায়ের চরিত্রে দীপিকা
শাহরুখের 'কিং খান' বারবার পেছাচ্ছে কেন?
ষাট ছুঁতে চলা শাহরুখ দেখতে নাকি ৩০!
শাহরুখের 'কিং খান' বারবার পেছাচ্ছে কেন?
'কিং খান'র এত কিছু জানেন কজনা!