১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহরুখের ‘কিং’, টানা আট রাতে বিশেষ দৃশ্যের শুটিং

ঢাকের বাদ্যি, আবির খেলা, প্রতিমা বিসর্জন সব কিছুই রাখা হয়েছে দৃশ্যে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 05:05 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

বলিউডি তারকা শাহরুখ খান তার আগামী সিনেমা ‘কিং’ এর একটি বিশেষ অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন।  

দুর্গাপূজার বিজয়া দশমীর পটভূমিতে অ্যাকশন দৃশ্যটি ধারণ করা হয়েছে টানা আট রাত ধরে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে দৃশ্যটি এমনভাবে সাজিয়েছেন নির্মাতা, যাতে দশমীর শোভাযাত্রার আবহ মূর্ত হয়ে ওঠে। ঢাকের বাদ্যি, আবির খেলা, প্রতিমা বিসর্জন সব কিছুই রাখা হয়েছে দৃশ্যে। 

যেখানে শাহরুখের সঙ্গে শুটিং করেছেন তার মেয়ে সুহানা খান। আর তাদের সঙ্গী হন কয়েকশ সহশিল্পী। 

প্রতিমা বিসর্জনের ভিড়ের মধ্যেই শাহরুখ-সুহানা অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন। এই অংশে সুহানা কয়েকটি স্টান্ট দৃশ্য করেছেন, যা সিনেমায় তার চরিত্রের জন্য বেশ কঠিন শুটিং ছিল।

‘কিং’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ডিসেম্বরের ২৪ তারিখে। সিনেমাটি শুরুতে পরিচালনার কথা ছিল সুজয় ঘোষের। তবে পরে পরিচালকের দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। যিনি শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমার পরিচালক।

‘কিং’ সিনেমার মূল চমক হল সুহানা খান। বাবার সঙ্গে ‘কিং’ দিয়েই মূলত ব্ড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানার। এই সিনেমার জন্য মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণও নিজে হাতে দিয়েছেন শাহরুখ।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।

‘দ্য কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।

আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুনোন, খল নায়ক হিসেবে আসছেন অভিষেক বচ্চন; এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভয় ভার্মা। আছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসিও।

এছাড়া রানি মুখার্জি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে তার চরিত্র গুরুত্বপূর্ণ।

সংলাপ লিখেছেন আব্বাস টায়ারওয়ালা। সংগীত পরিচালনায় থাকবেন দক্ষিণের পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর; যিনি ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন।

শাহরুখের শেষ তিনটি সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি মুক্তি পায় ২০২৩ সালে। বলা হয় কোভিড মহামারীর পর ডুবি ডুবি বলিউডকে ফের মাথা উঁচু করে দাঁড় করায় শাহরুখ ‘পাঠান’ সিনেমা দিয়ে।

এর পর থেকে এই নায়কের নতুন সিনেমা দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা।