১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অপেক্ষা শেষ, এল শাহরুখের ‘কিং’ মুক্তির তারিখ

‘গর্জনের সময় এসে গিয়েছে’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 12:35 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

দুই বছর ধরে পর্দায় নেই বলিউডি নায়ক শাহরুখ খান। তবে আছেন আলোচনায়, আর সেই আলোচনার সিংহভাগ বিষয়বস্তু অভিনেতার ‘কিং’ সিনেমা কবে আসবে?

অবশেষে এসেছে মুক্তির তারিখ। ঠিক ১১ মাস পর ডিসেম্বরের ২৪ তারিখে মুক্তি পাচ্ছে ‘কিং’।

সিনেমা মুক্তির তারিখ শাহরুখ জানিয়েছেন ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়ে। সেখানে শাহরুখকে বলতে শোনা যায়, ‘গর্জনের সময় এসে গিয়েছে’।

পরনে সাদা শার্ট আর জিন্স, বরফে মোড়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে রীতিমতো গর্জন করতেই শোনা যায় শাহরুখকে। 

এই ভিডিও ক্লিপটি শাহরুখের ছেলে আরিয়ান খান এবং পরিচালক-প্রযোজক করণ জোহর তাদের ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন। 

এনডিটিভি লিখেছে, গেল বছর শাহরুখের জন্মদিনের সিনেমার প্রথম ঝলক প্রকাশ করা হয়। 

‘কিং’ সিনেমার মূল চমক হল সুহানা খান। বাবার সঙ্গে ‘কিং’ দিয়েই মূলত ব্ড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানার। এই সিনেমার জন্য মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণও নিজে হাতে দিয়েছেন শাহরুখ।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।

‘দ্য কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।

আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুনোন, খল নায়ক হিসেবে আসছেন অভিষেক বচ্চন; এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভয় ভার্মা। আছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসিও।

এছাড়া রানি মুখার্জি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে তার চরিত্র গুরুত্বপূর্ণ।

সংলাপ লিখেছেন আব্বাস টায়ারওয়ালা। সংগীত পরিচালনায় থাকবেন দক্ষিণের পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর; যিনি ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন।

শাহরুখের শেষ তিনটি সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি মুক্তি পায় ২০২৩ সালে। বলা হয় কোভিড মহামারীর পর ডুবি ডুবি বলিউডকে ফের মাথা উঁচু করে দাঁড় করায় শাহরুখ ‘পাঠান’ সিনেমা দিয়ে।

এর পর থেকে এই নায়কের নতুন সিনেমা দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা।