চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন: এসেছেন সুজাতা, অরুণা বিশ্বাসরা
অভিনয়শিল্পীদের মধ্যে বর্ষীয়ান অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, আজিজুল হাকিম রয়েছেন সেন্সর বোর্ডের সদস্য হিসেবে।
আগামী এক বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড পুনর্গঠন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপনে রোববার এ তথ্য জানান হয়।
নব গঠিত সেন্সরবোর্ডে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করা হয়েছে।
অভিনয়শিল্পীদের মধ্যে বর্ষীয়ান অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এবং অভিনেতা আজিজুল হাকিম এসেছেন সেন্সর বোর্ডের সদস্য হিসেবে। এছাড়া রয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম।
পদাধিকার অনুযায়ী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎও সদস্য হিসেবে আছেন।
সদস্য পদে আরও আছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।
