মনোরোগী মম
ম্যানার ম্যানিয়াক’ নাটকে অভিনয় করেছেন মম
ঈদ উপলক্ষে নির্মিত নাটক ম্যানার ম্যানিয়াক-এ মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। মমর বিপরীতে রয়েছেন মনির খান শিমুল। ঈদ উপলক্ষে নির্মিতব্য নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান। পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। নাটকটি প্রযোজনা করেছেন ‘টপ অফ মাইন্ড’।
নাটকে মম একজন ‘ম্যানার ম্যানিয়াক’। সবকিছুতেই ‘পারফেক্ট’ হওয়াটা তার মুদ্রাদোষ হয়ে দাঁড়ায়। পৃথিবীর সব কিছুই তার মনমতো হতে হবে। স্বামী শিমুলকেও দিনরাত অস্থির করে রাখে মম। কৌতুক করে অনেকে মমকে বলে ম্যানার বিশেষজ্ঞ। মমর এই স্বভাব একসময় প্রকট আকার ধারণ করে। জীবনের সব সম্পর্কের সমীকরণ ওলোটপালোট হয়ে যায় এই একটি কারণে। এমন কাহিনি নিয়েই নির্মিত হচ্ছে নাটক ‘ম্যানার ম্যানিয়াক’।
এ বিষয়ে জিয়াউদ্দিন গ্লিটজকে বলেন, “মনস্তাত্ত্বিক ও পারস্পরিক সম্পর্কের টানাপড়েন নিয়ে এই নাটক। এতে পাঁচ বছর পর শিমুল ও মমকে জুটি হিসেবে দেখতে পাবেন দর্শক।”
শিমুল বলেন, “মম প্রতিভাবান অভিনেত্রী। মেধাবী, আন্তরিক, সহকর্মী হিসেবে খুবই ভালো। তার সঙ্গে কাজটা উপভোগ করেছি।”
মম বলেন, “ভালো লেগেছে শিমুলভাইয়ের সঙ্গে কাজ করে। তিনি সেটে থাকলে একটা প্রাণচাঞ্চল্য থাকে সবার মধ্যে।”
নাটকে আরও অভিনয় করেছেন তন্ময় এবং তানভীর মাসুদ।
