২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সরে যাচ্ছে মৃত্তিকা মায়া

সেন্সর বোর্ডে যাচ্ছে গাজী রাকায়েতের চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 11:02 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক গাজী রাকায়েত।

রাকায়েত গ্লিটজকে বলেন, “চলচ্চিত্র নির্মাণের কাজ শেষ। আশা করছি, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেব চলচ্চিত্রটি। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই মুক্তির তারিখ জানাব।”

চলচ্চিত্রটির মূলচরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। এর ‘ডোহার মাটি’ শিরোনামের একটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন পরিচালক নিজে।

পরিচালক আরও বলেন, “মোট চারটি গান থাকবে মৃত্তিকা মায়া সিনেমায়। রাইসুল ইসলাম আসাদ যেটি গেয়েছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি গান। পুরো চলচ্চিত্রটিতে গানটি নানাভাবে ব্যবহার করা হবে। গানটি খালি গলায় রেকর্ড করা হয়েছে। তবে অডিও অ্যালবামের জন্য গানটি আবার রেকর্ড করা হবে।”

আসাদ বলেন, “একটি ভালো গল্পের চলচ্চিত্রে কাজ করেছি।”

চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, অপর্ণা প্রমুখ।

চলচ্চিত্রটির অন্যান্য গানের কথা লিখেছেন মাফরুহা সোহানা এবং সুর করেছেন সাজ আহমেদ শাহরিয়ার। সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সাজ। চলচ্চিত্রটি সরকারি অনুদান পেয়েছে।