অতঃপর ঋতুপর্ণ
ঋতুপর্ণ ঘোষ স্মরণে শিল্পকলা একাডেমী ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজন।
সদ্যপ্রয়াত ভারতীয় চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং মুভিয়ানা ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘অতঃপর ঋতুপর্ণ’ শীর্ষক দুদিনের অনুষ্ঠান শুরু হচ্ছে ২৮ জুন।
এ বিষয়ে মুভিয়ানার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাইয়ুম গ্লিটজকে জানান, দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে ঋতুপর্ণ নির্মিত চারটি চলচ্চিত্র। এরমধ্যে রয়েছে দহন, দোসর, চোখের বালি ও আবহমান।
তিনি আরও জানান, দ্বিতীয় দিন বিকালে হবে স্মরণসভা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে অংশ নেবেন নানা পেশার বরেণ্য চলচ্চিত্রপ্রেমী ও পেশাজীবীরা। উদ্বোধনী বক্তব্য রাখবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
