আবারও কবির লড়াই
দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে পালা ও কবিগানভিত্তিক ধারাবাহিক সংগীতানুষ্ঠান ‘কবির লড়াই’। এই অনুষ্ঠানের গবেষণা ও উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী অরূপ রাহী। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুহুল তাপস।
এ বিষয়ে রুহুল তাপস বলেন, “গতবছরের মতো এবারও অনুষ্ঠানটির ব্যাপ্তি ৪৫ মিনিট। অনুষ্ঠানে দর্শক পালা ও কবিগানের পরিবেশনা দেখতে পাবেন। যারা বাংলার এসব গানের সঙ্গে পরিচিত নন তারাও এই সংগীত ধারার স্বাদ গ্রহণের সুযোগ পাবেন।”
তিনি আরও বলেন, “অনুষ্ঠানের সেটের ক্ষেত্রেও গ্রামবাংলার লোকজ আবহ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ বছর অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাহ আলম সরকার, আবুল সরকার, মালেক সরকার, অধ্যক্ষ রওশন আলী, সুনীল কর্মকার, আলেয়া বেগম, খোরশেদ আলম, আকলিমা সরকার, সুজন সরকার, নিশিকান্ত বাবু, মীরা সরকার, সদানন্দ সরকার, শংকর দাস, কল্পতরু, শেফালি সরকার প্রমুখ লোকশিল্পী।”
অনুষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে প্রযোজক জানিয়েছেন, দুইজন কবিয়ালের মধ্যে গানে-ছন্দে কোনো বিষয় নিয়ে তর্ক ও পর্যালোচনার এই বৈশিষ্ট্য একমাত্র বাংলাগানেই পাওয়া যায়। এই ধারাকে টিভি দর্শকদের জন্য পরিবেশনের উদ্যোগ নিয়েছে চ্যানেল-নাইন।
এই ‘কবির লড়াই’ প্রচারিত হবে ১৬ জুন থেকে সপ্তাহের প্রতি রোববার রাত ৯টায়।
