বাবা ও ছেলের নাটক
বাবা দিবসের নাটকে আলী জাকের ও ইরেশ জাকের
বাবা দিবসের নাটক ‘ওল্ড ডায়রি’-তে বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন আলী জাকের ও ইরেশ জাকের। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্না।
এ বিষয়ে বান্না বলেন, “আলী জাকের বেশ বয়স্ক মানুষ। বয়সের কারণে তার আচরণ কিছুটা শিশুসুলভ। এদিকে ছেলে ইরেশ এক ব্যস্ত পেশাজীবী। ব্যস্ততার কারণে বাবার প্রতি খুব একটা অনুভূতিশীল নয় সে। যদিও বাবার ঘুম, খাওয়া, ওষুধ, চিকিৎসা, বাইরে যাওয়াসহ নানা বিষয়ে খুব কড়া নজর রাখে ছেলে।”
বান্না আরও বলেন, “ঠিক এই রকম নির্দেশ, আচরণ ইরেশ দেখেছিল ছোটবেলায়, নাটকে আমরা তাও দেখিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, সন্তানের চেয়ে একজন বাবাই বেশি ত্যাগী।”
নাটকটিতে আরও অভিনয় করেছেন ড. ইনামুল হক, অপর্ণা ঘোষ, মায়মুন রশীদ। নাটকের চিত্রগ্রহণ করেছেন আশিকুর রহমান ও সম্পাদনা রমজান আলী।
১৫ জুন বাবা দিবসে রাত নয়টায় নাটকটি প্রচার করবে এনটিভি।
