সাব্বির-মৌসুমী জুটি
এই প্রথম মীর সাব্বির ও মৌসুমী জুটি হয়ে অভিনয় করছেন
একই টেলিফিল্মে এই প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন নাট্যাভিনেতা ও নির্মাতা মীর সাব্বির ও লাক্স চ্যানেল আই তারকাখ্যাত অভিনেত্রী মৌসুমী হামিদ। জাকারিয়া সৌখিনের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় টেলিফিল্ম রাজকন্যা আলাদিন আর দৈত্যতে তারা দুজন জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন। এ টেলিফিল্মে মীর সাব্বিরের স্বপ্নের রাজকন্যার ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী।
এ বিষয়ে মৌসুমী হামিদ বলেন, “এর আগে মীর সাব্বির ও আমি একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। তবে সে নাটকে আমার বিপরীতে ছিলেন জাহিদ হাসান। মোহাম্মদ নোমান পরিচালিত নাটকটির নাম ছিল ক্যাপসুল ৫০০ এমজি।”
তিনি আরও বলেন, “সৌখিন ভাইয়ের লেখা গল্পটি আমার অনেক ভালো লেগেছে। আমি রাজকন্যার চরিত্রে অভিনয় করেছি। এর আগে এ ধরনের চরিত্রে আমি কখনও অভিনয় করিনি। সাব্বির ভাইয়ের সঙ্গে অনেক মজা করে কাজটি করেছি। তিনি অনেক কোঅপারেটিভ।”
এদিকে মীর সাব্বির বলেন, “নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে মৌসুমী নিজের মেধা দিয়ে অনেক ভালো একটি অবস্থানে চলে এসেছেন। কাজে আরও মনোযোগী হলে ভবিষ্যতে তার অবস্থান নাট্যাঙ্গনে আরও সুদৃঢ় হবে বলেই আমি মনে করি।”
পরিচালক সাজ্জাদ সুমন জানিয়েছেন, টেলিফিল্মটি ঈদে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে।
