একটি গোলাপের মৃত্যু
জয়-তানিয়া অভিনীত টেলিফিল্ম ‘একটি গোলাপের মৃত্যু’।
সম্প্রতি তৈরি হয়েছে টেলিফিল্ম ‘একটি গোলাপের মৃত্যু’। জুলফিকার হুসাইন সোহাগ রচিত ও পরিচালিত টেলিফিল্মটিতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, তানিয়া হোসেন, ঝুনা চৌধুরী, মিলি মুন্সী, এহসানুল হক মিনু, সঞ্জীব, বুলবুল আহমেদ জয়, মুন্নী প্রমুখ।
এ বিষয়ে তানিয়া বলেন, “টেলিফিল্মটিতে আমি সাবরিনা নামে একটি মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। মেয়েটি বাড়ি থেকে পালিয়ে তার পছন্দের মানুষ শাকিলকে বিয়ে করে। বিয়ের পরে স্বামীর ঘরে প্রথম বছরটি ভালোভাবেই পার করে মেয়েটি। তবে তার জীবনে ছন্দপতন ঘটে একসময়। অন্যদিকে মেয়েটির পরিবার তার এ বিয়েকে মেনে নেয় না। তবে তার বাবা-মা মেয়েটির জন্য এখনও কাঁদে। এ ধরনের একটি গল্প নিয়ে টেলিফিল্মটি।”
তানিয়া আরও বলেন, “অনেকের জীবনেই এ ধরনের ঘটনা ঘটে। সেইদিক থেকে সাবরিনা চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।”
রূপাই মিডিয়া প্রযোজিত টেলিফিল্মটির সম্পাদনার কাজ চলছে বলে জানিয়েছেন নির্মাতা সোহাগ।
