২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যার কারণে চিত্রনাট্যকারও হতে পারেননি অভিষেক

২৫ বছর আগে বন্ধু রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে খেটেখুটে একটি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন অভিষেক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 05:25 PM

Updated : 27 Dec 2023, 05:25 PM

অভিনয়ে আসার আগে চিত্রনাট্যকারের পরিচয়ে পরিচিত হতে চেয়েছিলেন বলিউডের অভিষেক বচ্চন। কষ্ট করে একটি চিত্রনাট্য দাঁড়ও করিয়েছিলনে। কিন্তু তার সেই বাসনা এক ফুয়ে উড়ে যায় একজন প্রযোজকের জন্য। সেই প্রযোজক আর কেউ নন, তার বাবা অমিতাভ বচ্চন।

এই স্বপ্নভঙ্গের কথা অভিষেক বলেছেন নিউজ এইট্টিনকে দেওয়া সাক্ষাৎকারে।

তিনি জানিয়েছেন, ২৫ বছর আগে বন্ধু রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে খেটেখুটে একটি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন অভিষেক।

তিনি ঠিক করেছিলেন, ওই চিত্রনাট্যে সিনেমা বানানো হলে তিনি নিজে নায়কের চরিত্রটি করবেন।

চিন্তাভাবনা কেবল সেখানেই থেকে থাকেনি। অভিষেক ও রাকেশ মিলে ঠিক করে ফেলেন নায়কের ‘লুক’। নিজেরাই সিদ্ধান্ত নেন, রাকেশ সিনেমা পরিচালনার দায়িত্ব নেবেন।

লেখার পর শুরু হয় প্রযোজক খোঁজার পালা। আলাপ-আলোচনার পর দুই বন্ধু ঠিক করেন, যখন ঘরের মধ্যেই একজন প্রযোজক আছেন, তখন আর বেশি দূর যাওয়ার দরকার কি?

সাহস সঞ্চয় করে চিত্রনাট্যের কথা অমিতাভের কাছে পাড়েন অভিষেক নিজেই।

অভিষেক বলেন,  “আমার বাবাকে যারা চিত্রনাট্য পড়ে শুনিয়েছেন, তারা জানেন, বিষয়টা কতটা চাপের। কারণ বাবা কোনো রকম প্রতিক্রিয়া দেন না। ভাবলেশহীন মুখে চুপ করে স্রেফ শোনেন। তবে আমরা প্রস্তুত ছিলাম।“

রাকেশের পড়া শেষ হওয়ার পরও অমিতাভ চুপ করে ছিলেন বলে জানান অভিষেক।

শেষ পর্যন্ত অমিতাভ কী বলেছিলেন, সে কথাও জানিয়েছেন অভিষেক।

“বাবা হঠাৎ বলে উঠলেন, খুবই খারাপ চিত্রনাট্য। তারপর বাবা আমাদের বেরিয়ে যেতে বললেন।“

অভিষেক বলেন, অমিতাভকে পাশে না পেয়ে সব উৎসাহ তারা হারিয়ে ফেলেছিলেন। ওই চিত্রনাট্যে নিয়ে আর কোনো কাজ হয়নি।

পরে ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা দিয়ে অভিনেতা হিসাবে অভিষেক হয় জুনিয়র বচ্চনের। ২০০৯ সালে বন্ধু রাকেশের ‘দিল্লি-৬’ সিনেমায় সোনম কাপুরের সঙ্গে কাজ করেন অভিষেক।

এই নায়কের ক্যারিয়ারে  ‘গুরু’, ‘বান্টি অউর বাবলি’, ‘ধুম’, ‘লগা চুনরি মে দাগ’, ‘রাবণ’সহ আরও অনেক সিনেমা জনপ্রিয়তা পায় দর্শক মহলে। চলতি বছরে অভিষেকের ‘ঘুমর’ সিনেমা দারুণ জনপ্রিয় হয়।