২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টিকেটের দাম থিয়েটারকে অভিজাতদের শিল্পে পরিণত করছে’

“টিকেটের মূল্য বৃদ্ধির কারণে থিয়েটার আরও বেশি অস্তিত্ব সংকটের সম্মুখীন হচ্ছে। কেননা এতে থিয়েটার গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে,” বলছেন বর্ষীয়ান ইংলিশ অভিনেতা স্যার ডেরেক জ্যাকবি।

‘টিকেটের দাম থিয়েটারকে অভিজাতদের শিল্পে পরিণত করছে’

স্যার ডেরেক জ্যাকবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 10:23 PM

Updated : 04 Apr 2023, 10:23 PM

থিয়েটারে টিকেটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বলে হতাশা প্রকাশ করেছেন বর্ষীয়ান ইংলিশ অভিনেতা স্যার ডেরেক জ্যাকবি।

৮৪ বছর বয়সী এই অভিনয়শিল্পী বলেছেন, টিকেটের উচ্চমূল্য থিয়েটারকে ‘অভিজাতদের শিল্পে’ পরিণত করছে।

নাইটহুড খেতাবধারী জ্যাকবি গত রোববার ‘অলিভিয়ের অ্যাওয়ার্ড’ পাওয়ার পর গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।

অশীতিপর এই অভিনেতা বলেন, “আমি যখন অভিনয় শুরু করি, তখন নাটকের টিকেট অনেক সহজলভ্য ছিল। কিন্তু এখন তা সাধারণ মানুষের নাগালের বাইরে।”

টিকেটের দাম নিয়ে একটি প্রচলিত বিতর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “একটি কথা প্রচলিত হয়েছে যে, মানুষের জীবন-যাপনের খরচ বৃদ্ধির কারণেই টিকেটের মূল্য বৃদ্ধি পেয়েছে। না হলে থিয়েটারের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে। কিন্তু আমি বলব, টিকেটের মূল্য বৃদ্ধির কারণে থিয়েটার আরও বেশি অস্তিত্ব সংকটের সম্মুখীন হচ্ছে। কেননা এতে থিয়েটার গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।”

স্যার ডেরেক আরও বলেন, “বিগত কয়েক বছরের মধ্যে টিকেটের মূল্য বৃদ্ধির কারণে থিয়েটারে একটা বড় পরিবর্তন এসেছে। আমি যখন কাউন্টারে গিয়ে টিকেটের উচ্চমূল্য দেখি তখন আমি বেশ মর্মাহত হই।

“আমি কোনো অর্থনীতিবিদ নই। আমি জানি না এই সময়ে অর্থ ছাড়া কীভাবে থিয়েটার অস্তিত্ব রক্ষা করবে। কিন্তু প্রেক্ষাগৃহে সিট ফাঁকা রেখে থিয়েটার কখনোইআস্তিত্ব ধরে রাখতে পারবে না। আমাদের ভিন্ন উপায়ে ভাবতে হবে।”

ডেরেক জ্যাকবি প্রথমে বার্মিংহামে তার থিয়েটার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীকালে ১৯৬২ সালে স্যার লরেন্স অলিভিয়ের ‘রয়্যাল ন্যাশনাল থিয়েটার’ প্রতিষ্ঠা করলে তিনি সেখানে যোগ দেন।

সেই শিক্ষকের নামাঙ্কিত সম্মাননা পেয়ে তিনি বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। অলিভারের সাথে আমার থিয়েটারের জার্নিটা ছিলো চমকপ্রদ।”

বিশ্বজুড়ে থিয়েটারের টিকেটের দাম বেশ কয়েক বছর ধরেই ক্রমাগত বাড়ছে। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে এই মূল্য আরও দ্রুত বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইংল্যান্ডে বিভিন্ন থিয়েটারে টিকেটের দাম প্রায় ২১ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বাংলাদেশে এই প্রবণতা আরও বেশি হারে দেখা যাচ্ছে। এখানে টিকেটের দাম আগের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি বেড়েছে।

পুরনো খবর:

মঞ্চনাটকের টিকেটও এখন হাজার টাকা