০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঢাকার ৬ গণশৌচাগার পরিচালনার খরচ দিবে আইপিডিসি

পরিচ্ছন্নতা কর্মী ও কর্মচারীদের বেতন, পানি ও বিদ্যুৎ বিল, সাবান, টিস্যু, স্যানিটাইজার ও জীবাণুনাশকসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী এবং মেরামতের খরচ মেটাবে আর্থিক প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 08:50 PM

Updated : 05 Nov 2026, 08:50 PM

রাজধানীর ৬টি গণশৌচাগার (পাবলিক টয়লেট) পরিচালনার খরচ দেবে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স। এতে সহায়তা করবে ‘ভূমিজ’ নামে একটি প্রতিষ্ঠান।

আইপিডিসি ফাইন্যান্স বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রাজধানীর মহাখালী বাস টার্মিনালের অনন্যা নারী পাবলিক টয়লেট, গুলশান ১-এর ভূমিজ পাবলিক টয়লেট, মিরপুর ১০-এর ভূমিজ যানবাহন পাবলিক টয়লেট, গাউসিয়ার নূর ম্যানশনে অবস্থিত ভূমিজ-রবীন্দ্র নারী পাবলিক টয়লেট (শুধু নারীদের জন্য), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চত্বরের ভূমিজ নারী পাবলিক টয়লেট ও খিলক্ষেত বাজারের ভূমিজ খিলক্ষেত পাবলিক টয়লেটের ব্যয় ও রক্ষণাবেক্ষণ খরচ বহন করা হবে।

এর মধ্যে পরিচ্ছন্নতা কর্মী ও কর্মচারীদের বেতন, পানি ও বিদ্যুৎ বিল, সাবান, টিস্যু, স্যানিটাইজার ও জীবাণুনাশকসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী এবং মেরামতের খরচ মেটাবে আইপিডিসি।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন ও নিরাপদ টয়লেট অত্যন্ত জরুরি, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা এই সেবাগুলো যথাযথভাবে চালু রাখতে ভূমিজ-এর পাশে থাকতে চাই, যাতে ঢাকাবাসীর জীবনযাত্রা আরও স্বস্তির হয়।

“উদ্যোগটির বাস্তবসম্মত সমাধানে ভূমিকা রাখার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে তুলবে বলে আমার বিশ্বাস।”

ভূমিজ এর সিইও ফারহানা রশীদ বলেন, “পাবলিক টয়লেট পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখতে নিয়মিত পরিচালন সহায়তা জরুরি। আইপিডিসির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা ঠিকভাবে টয়লেটগুলোর রক্ষণাবেক্ষণ করতে, প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী নিশ্চিত করতে এবং আরও নির্ভরযোগ্য সেবা দিতে পারব।

“আমরা পাবলিক টয়লেটকে সবার জন্য, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও সহজলভ্য করার লক্ষ্যে কাজ অব্যাহত রাখব।”