''অগ্নি' মাহিরই সিনেমা'
'অগ্নি' মাহিরই সিনেমা আর পরবর্তীতে আরো সিকুয়াল নির্মিত হলে সেখানে মাহিই থাকবেন বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ‘অগ্নি-২’ সিনেমার প্রচারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার এই বক্তব্য যেন মাহিয়া মাহির জাজে ফেরারই আভাস দিচ্ছে।
মাহি জাজে ফিরছেন কি না - এ প্রশ্নের জবাব সরাসরি না দিলেও, ‘অগ্নি’র সিকুয়াল বিষয়ক এক প্রশ্নের জবাবে আজিজ বলেই ফেললেন, “জাজের ইচ্ছা রয়েছে ‘অগ্নি-৩’ নির্মাণেরও। চিত্রনাট্য, পরিচালক, কলাকুশলী কারা হবে তা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা চলছে। ‘অগ্নি-২’ ব্যবসায়িক সাফল্য পেলে আমরা ‘অগ্নি-৩’ নির্মাণের পরিকল্পনা করব। আর তা হলে, মাহিই থাকবেন ‘অগ্নি’ চরিত্রে। ‘অগ্নি’ মাহিরই সিনেমা, মাহিকে ছাড়া ‘অগ্নি’র কোনো সিক্যুয়াল হবে না।”
মাহিকে এ নিয়ে প্রশ্ন করা হলে মাহি জানালেন, “সব কিছু আল্লাহ জানেন। তিনি চাইলে সব হবে।”
‘অগ্নি-২’ নিয়ে মাহি বললেন, “বাংলাদেশ ও ভারতে এই সিনেমাটি একটি ব্র্যান্ড হতে চলেছে। অ্যাকশন আর সংগীতায়োজনে এমন ঝকঝকে, তকতকে সিনেমা ভূভারতে মিলবে না।বাংলাদেশের পাশাপাশি ভারতও মাতাবে ‘অগ্নি-২’। এই সিনেমাতে প্রচুর অ্যাকশন দৃশ্য দেখবে দর্শক। সিনেমাতে চীনা অ্যাকশন স্টাইল অনুসরণ করা হয়েছে, অনেক নতুনত্ব আর চমকে ঠাসা এই সিনেমাটি। অনেক ভিন্ন ভিন্ন কিছু দেখতে পাবেন এই সিনেমাতে।”
ছবি- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিনেমাটির ‘ম্যাজিক মামণি’ গানটি নিয়ে মাহি বললেন, “আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা ছিল, গানটিতে অগ্নিকে ফুটিয়ে তুলতে। এর আগেও আমি এ ধরনের গানে পারফর্ম করেছি। গানটি পর্দায় দেখলে বোঝা যাবে, কত চমৎকার কোরিওগ্রাফি হয়েছে।”
পশ্চিমবঙ্গের সিনেমার মন্দা বাজারে এই সিনেমাটি সব হিসাব-নিকেশ পাল্টে দেবে বলে মনে করছেন মাহি।
তবে ‘অগ্নি’ চরিত্রটি নাকি মাহির ‘স্বপ্নের চরিত্র’ নয়। তার পছন্দের চরিত্র ‘বারফি’ সিনেমার প্রিয়াংকা চোপড়া অভিনীত ঝিলমিল চ্যাটার্জির চরিত্রটি। তবে ‘অগ্নি’ চরিত্রটিকে নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবেই দেখছেন মাহিয়া মাহি।
