সালমানের রায়ে স্থগিতাদেশ: বলিউডের স্বস্তি
মুম্বাইয়ে গাড়ি চাপা মামলার চূড়ান্ত রায় হওয়ার পর থেকেই হিন্দি সিনেপাড়ার তারকারা একে একে পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সালমান খানের। শুক্রবার নিম্ন আদালতের পাঁচ বছরের কারাদণ্ডের রায়ে উচ্চ আদালত স্থগিতাদেশ দেওয়ার পর এবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। তবে কিছু তারকার বিতর্কিত মন্তব্যের কারণে প্রতিবাদের ঝড় ওঠায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু রয়ে সয়েই কথা বলছেন তারা।
বুধবার সালমানের পাঁচ বছরের জেল হওয়ার পর সুভাষ ঘাই, রিতেশ দেশমুখ, দিয়া মির্জা, বিপাশা বসু, ভারুন ধাওয়ান, সোনাক্শি সিনহা, কুনাল কোহলি, অর্জুন কাপুর, ফারাহ খান, ওয়াজিদ খানদের মতো তারকারা টুইটারে সালমানের পাশে থাকার কথা জানান। এদের সবার মতেই হিন্দি বিনোদন জগতের সবচেয়ে চমৎকার মানুষটি হলেন সালমান। এমনকি অনেকে এটাও বলেন এতো বড় শাস্তি তাকে দেওয়া ঠিক হয়নি।
তবে অলঙ্কার ডিজাইনার ফারাহ খান আলি, অভিনেতা এজাজ খান এবং গায়ক অভিজিৎ চট্টোপাধ্যায়ের বিতর্কিত টুইট নিয়ে জল কম ঘোলা হয়নি। আর তাই সালমানের রায়ে স্থগিতাদেশ আসার পর প্রথম সারির তারকাদের অনেকেই নিরবতা বজায় রাখাকেই শ্রেয় মনে করেছেন।
এরপরও সাজিদ খান, ডলি আহলুওয়ালিয়া, সতিশ কৌশিক, আমিশা প্যাটেল, ডেইজি শাহ এবং মিকা সিং-এর মতো তারকারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে পিছু হটেননি।
নির্মাতা এবং সালমানের দীর্ঘদিনের বন্ধু সাজিদ খানের টুইট, “বলিউড, সালমানের ভক্ত এবং সালমানের সমালোচক- সবাইকেই অন্তত এটা স্বীকার করতে হবে, সালমান শুক্রবারের রাজা। খান পরিবারের জন্য আমি খুবই খুশি।”
গায়ক মিকা সিং-এর টুইট, “আমার শুভকামনা রইল বড় ভাই সালমান খানের জন্য। এবংআমি দুশ' ভাগ নিশ্চিত ঈশ্বর তাকে অবশ্যই সাহায্য করবেন যিনি সবসময় অন্যদের সহায্য করেন।”
তবে তারকাদের এসব টুইটের সমালোচনাকারীরা বলছেন, এদের কেউ একটিবারের জন্যও সালমানের গাড়ির নিচে চাপা পড়ে মারা যাওয়া মানুষটির পরিবার নিয়ে কিছু বলেনি। এমনকি আহত আরও চারজনের পরিবারের খবরও এদের কেউ নেননি।
বির্তকের ঝড় প্রথমবারের মতো ওঠে যখন গায়ক অভিজিৎ 'রাস্তা কুকুরের ঘুমানোর জায়গা, গরীবের নয়’ লিখে টুইট করেন।
একই ধরনের টুইট করে বিপাকে পরেন অভিনেতা এজাজ খান। তিনি লেখেন, “ভারতীয় আইন চুলোয় যাক। আমাদের সরকারই এর জন্য দায়ী। গরীবদের ঘর দিন। তারা রাস্তার খুব কাছে ঘুমায়।”
এই পোস্টটি অবশ্য কিছুক্ষণ পর মুছে দেন আজাজ। অভিজিৎ এবং ফারাহ খানও শুক্রবার তাদের আগের করা টুইট নিয়ে ক্ষমা চান।
