বিপদমুক্ত সনু
ছোটা শাকিলের হুমকি পেলেও আপাতত চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন সনু নিগম।
ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের দলের সদস্য ছোটা শাকিলের কাছ থেকে কিছুদিন আগে ফোনে হুমকি পেয়েছিলেন বলিউডের প্লেব্যাক গায়ক সনু নিগম।
কিন্তু সম্প্রতি জি মিডিয়া ব্যুরোকে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখন আর কোনো চিন্তা নেই।
সনু বলেন, “আপনারা চিন্তা করবেন না। আর এটা ভাববেন না যে আমি এই বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছি।”
ফোনে পাওয়া এই হুমকির জন্য তিনি পুলিশের অপরাধ বিভাগের শরণাপন্ন হয়েছেন কি না তা জানতে চাওয়া হলে সনু বলেন, এমন কিছু এখনও করেননি তিনি।
সংবাদমাধ্যমের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন সনু, যেখানে হুমকির বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।
চিঠিতে লেখা হয়, “প্রথমবার ছোটা শাকিল আমাকে হুমকি দেয় ২০০০ সালে।তখন আমার বয়স ছিল মাত্র ২৬ বছর, আমি তখনও জানতাম না কীভাবে তার দাবি করা অর্থ তাকে দেওয়া হবে। এমন অবস্থায় আমি তাকে আমার পরিবারের এক বন্ধুর সঙ্গে কথা বলিয়ে দেই, যাকে ছোটা শাকিল ‘দিদি’ বলে সম্মান করে। তিনি আমাকে নিশ্চিত করেন আমি ছোটা শাকিলের কাছ থেকে আর কখনও হুমকি পাব না। আমি বেশ নিশ্চিন্ত হয়েছিলাম।
এতদিন পর এ বছর সেপ্টেম্বর মাস থেকে আমাকে আবার হুমকি দেওয়া শুরু করে ছোটা শাকিল। তবে বিষয়টি যতখানি অতিরঞ্জিত করে সংবাদ তৈরি করা হয়েছে, তেমন কিছু এখনও ঘটেনি। আমি চাচ্ছিলাম বিষয়টি গোপন রাখতে। কারণ আমি জানতাম এ খবর নিয়ে অনেক হৈচৈ হবে। বিশেষ করে এখন পর্যন্ত বেশ ভদ্রভাবেই আমাকে হুমকি দেওয়া হয়েছে!
তার প্রথম হুমকির পর অনেক বছর কেটেছে, অনেক কিছুই বদলেছে। তখন আমার কাছে কোনো অর্থবিত্ত ছিল না। আর আজ, আমি অর্থের জন্য কাজ করি না। আমার মতো মানুষদের বোঝা একটু কঠিন। এখন শাকিল প্রশ্ন করতে পারে, যদি আমি অর্থের জন্য কাজ নাই করি, তবে তার হয়ে কাজ করে তাকে কিছুটা লাভবান হতে দিলে দোষ কোথায়?
এই প্রশ্নের উত্তর হল, যখন আমি মঞ্চে গান গাইতে যাই, আমার মনে হয় আমি যেন তীর্থযাত্রা করতে যাচ্ছি। যারা আমার গান শুনতে এসেছে তাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাকে বোঝায়, আমি তাদের কতখানি প্রিয়। এমন অবস্থায় আমি কারও হুমকির নিচে থেকে কীভাবে গাইতে পারি?
হয়তো-বা শাকিল জানেন না, সংগীত আমার জন্য কী। তার জন্য নামাজ যে রকম, আমার কাছে সংগীত সে রকমই কিছু। আমাদের মতো মানুষদের সঙ্গে কাজ করার উপায় একটাই, আমাদের হুমকি না দিয়ে নিজের মতো থাকতে দেওয়া।”
বলিউডি শিল্পীদের হুমকি দেওয়ার ব্যাপারটি মোটেও নতুন নয়। অনেকদিন ধরেই টিনসেলের শিল্পীদের হুমকি দিয়ে আসছে ভারতের মাফিয়ারা। হুমকিপ্রাপ্ত শিল্পীদের মধ্যে রয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে নির্মাতা রাকেশ রোশান এবং তার ছেলে ঋত্বিক রোশান। অভিনেত্রীদের মধ্যে ঊর্মিলা মার্তণ্ডকর, জুহি চাওলা। এমনকি হুমকি পেয়েছেন প্রীতি জিন্তাও। পরিচালক লরেন্স ডি সুজা একবার মাফিয়া হামলার শিকারও হন।
