০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রেক্ষাগৃহে ‘মেয়েটি এখন কোথায় যাবে’

শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে নাদের চৌধুরী নির্মিত সিনেমা ‘মেয়েটি এখন কোথায় যাবে’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত পর্দায় জুটিবেঁধে অভিনয় করলেন শাহরিয়াজ ও ফাল্গুনী রহমান জলি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 06:59 PM

Updated : 11 Oct 2022, 01:35 PM

গ্রামের খু্ব সাধারণ একজন হিন্দু মেয়ে কৃষ্ণকলি। ঘটনাক্রমে রাজের নজরে পড়ে কৃষ্ণকলি। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারনে কৃষ্ণকলিকে রাতের অন্ধকারে অপহরণ করে নিয়ে আসে রাজ।না, কোনো অসৎ উদ্দেশ্যে নয় বরং মেয়েটির সঙ্গে প্রেম করার জন্যই কৃষ্ণকলিকে একটি ঘরে আটকে রাখে রাজ। ৩৫ বছর পরে রাজের বাড়িতে হঠাৎ একদিন তার এক বড় চাচা বেড়াতে আসেন। তার নজরে এলে তিনি মেয়েটিকে বন্দিদশা থেকে মুক্তি দেন। কিন্তু ঘটনাক্রমে যখন তিনি জানতে পারেন মেয়েটি হিন্দু তখনই গল্পের নতুন মোচড়ে একটি প্রশ্নই উত্থাপিত হয় মেয়েটি এখন কোথায় যাবে? এমনই নাটকীয়তায় এগিয়েছে সিনেমার গল্প।

ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমাটি। সিনেমার চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু।

পুরোদস্তুর নারীকেন্দ্রিক এই সিনেমায় কৃষ্ণকলি চরিত্রে অভিনয় করেছেন ফাল্গুনী রহমান জলি। আর একজন মুসলমান তরুণের চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ। সিনেমায় তার নাম রাজ। যিনি নিজেকে সীতারামপুরের রাজা বলে মনে করেন।

সিনেমায় শাহরিয়াজ ও জলি ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। রাজধানীর বলাকা, মধুমিতা, সনি সহ সারাদেশের ৩৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।