২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

প্রেক্ষাগৃহে ‘মিসডকল’ ও ‘ভুবন মাঝি’

শুক্রবার মানেই বক্সঅফিসে নতুন সিনেমার উপস্থিতি। আজ সারাদেশে মুক্তি পেয়েছে পুরোদস্তুর বাণিজ্যিক ঘরানা এবং অন্যদিকে অফট্র্যাক ঘরানার দুই সিনেমা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 08:53 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

সিনেমার মুক্তিকে ঘিরে গণমাধ্যমে চোখে পড়ার মত প্রচার-প্রচারণা কিছুটা কম থাকলেও রাজধানীর বলাকা, জোনাকী ও আনন্দসহ সারাদেশের মোট ৬৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘মিসডকল’। সিনেমাটি নির্মাণ করেছেন সাফি উদ্দিন সাফি।

রোমান্টিক ও অ্যাকশন ঘরানার গল্পকে উপজীব্য করে আবর্তিত হয়েছে ‘মিসডকল’ সিনেমার কাহিনি। সিনেমায় অভিনয় করছেন বাপ্পী চৌধুরী, নবাগত মুগ্ধতা ও বাপ্পারাজ। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, জাহিদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন এজাজুল হক।

অন্যদিকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, শ্যামলীসহ সারাদেশের মোট ১৫ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘ভুবন মাঝি’। সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা ফাখরুল আরেফিন খান।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ, মাজনুন মিজান, নওশাবা প্রমুখ।

সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভুবন মাঝি’। মুক্তিযুদ্ধের তিনটি প্রজন্মকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমার কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই।