২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টালিগঞ্জ ২০১৫: অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বছর

২০১৫ সালে পশ্চিমবঙ্গের রূপালী জগতে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘণ্টা বেজে উঠেছে। জীবনের পূর্ণ পাত্র শূন্য করে দিয়ে চলে গেছেন এমন কিছু তারা, যাদের মৃত্যু মেনে নিতে কষ্ট হয়েছে দর্শকদের। সেই সঙ্গে প্রবীণ শিল্পীরাও ছেড়ে গেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 03:05 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

পুরনো খবর:

টালিগঞ্জ ২০১৫: আলোচিত ১০ সিনেমা
তারকাজগত ২০১৫: জন্ম-মৃত্যু-বিয়ে

দিশা গঙ্গোপাধ্যায়

হঠাৎ করেই ইচ্ছামৃত্যুর পথ বেছে নেন টিভি অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ২৩ বছর।

কলকাতার বেহালা এলাকায় নিজ ফ্ল্যাটে ৯ এপ্রিল পাওয়া যায় দিশার মৃতদেহ। প্রাথমিকভাবে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি। তার প্রেমিক ভিভান ঘোষও আগের রাতে কথা বলে বুঝেছিলেন, দিশা বিমর্ষ। গভীর রাত পর্যন্ত দিশার সঙ্গে ফোনে কথা হয় ভিভানের। কিন্তু পরদিন সকাল থেকে অনেকবার ফোন করে সাড়া না পেয়ে দেখা করতে গিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দিশাকে।

অভিনেত্রী হিসেবে দিশা পরিচিতি পান ‘বউ কথা কও’ সিরিয়ালের মাধ্যমে। ‘কনকাঞ্জলি’, ‘মৌচাক’ এবং ‘অদ্বিতীয়া’ সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। স্টার জলসায় চলছিল ‘তুমি আসবে বলে’।

দিশা শৈশবের অনেকটা সময় দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছেন। এরপর পড়াশোনার জন্য কলকাতায় ফিরে আসেন। দশম শ্রেণীতে পড়ার সময়ই অভিনয়ে হাতেখড়ি হয় তার।

রনি চক্রবর্তী 

বাংলা টিভি সিরিয়ালের নিয়মিত অভিনেতা রনেন চক্রবর্তী রনির মৃতদেহ পাওয়া যায় ১৫ মে। সেদিন সন্ধ্যায় শুটিং শেষে শরীর চর্চা করতে বাইরে গিয়ে বাসায় ফেরেননি আর।

শরীর চর্চা শেষে সাতার কাটতেন রনি। অনেক রাত পর্যন্ত ফিরে না এলে পুলিশে খবর দেয় তার পরিবার। রাতেই বাড়ির পাশের জলাশয়ে মৃতদেহ পাওয়া যায় তার। পুলিশি তদন্ত চলছে।

ভক্তদের কাছে রনি নামে পরিচিত এই অভিনেতা স্টার জলসার মেগা সিরিয়াল ‘জল নূপুর’-এর অভিনয় করছিলেন। ‘রাগে-অনুরাগে’, ‘ওগো বধূ সুন্দরী’র মতো জনপ্রিয় সিরিয়ালেও দেখা যায় তাকে।

বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়

ভারতীয় বাংলা সিনেমার তরুণ নির্মাতা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় মারা যান ৭ নভেম্বর। ফুসফুসে সংক্রমণের কারণে তার মৃত্যু হয় ৪৫ বছর বয়সে।

‘এলার চার অধ্যায়’, ‘কাঁটাতার’, ‘কাগজের বউ’-এর মতো সিনেমাগুলোর নির্মাতা বাপ্পাদিত্যর ‘শিল্পান্তর’, ‘দেবকী’, ‘কাল’, ‘হাউসফুল’, ‘কাগজের বউ’ সিনেমাগুলোও আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও স্বীকৃত।

বাপ্পাদিত্যর প্রথম সিনেমা ‘সম্প্রদান’-এর জন্য বিএফজেএ পুরস্কার জিতেছিলেন তিনটি। একই বছর অংশ নেন ৬ষ্ঠ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে। ২০১৩ সালে মুক্তি পায় তার সবশেষ সিনেমা ‘নায়িকা সংবাদ’। ২০১৫ সালে গোয়ায় অনুষ্ঠিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত ‘সহরা ব্রিজ’ ছিল নির্মাণের পর্যায়ে।

বাপ্পাদিত্য পরিচালনা করেছেন টিভি সিরিয়াল ‘আনন্দনগরীর কথকতা’। ‘পোঁকাদের আত্মীয়স্বজন’ নামে কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন একটি। এছাড়া চলচ্চিত্র বিষয়ে নিয়মিত প্রবন্ধ লিথতেন।

১৯৭০ সালে জন্ম নেওয়া পরিচালক বাপ্পাদিত্যর বেড়ে ওঠা কলকাতায়। সিনেমা নির্মাণ শিখেছিলেন বুদ্ধদেব দাশগুপ্তর কাছ থেকে।

পীযূষ গঙ্গোপাধ্যায়

টিভি, সিনেমার চরিত্রাভিনেতা হিসেবে নির্ভরযোগ্য পীযুষ গঙ্গোপাধ্যায় মারা যান ২৪ অক্টোবর। তার বয়স হয়েছিল ৫০ বছর।

২০ অক্টোবর সাঁতরাগাছিতে গাড়ি দূর্ঘটনার কবলে পড়েন পীযূষ। উল্টো দিক থেকে আসা লরিটি তার প্রাইভেট কারকে গুড়িয়ে দেয়। তার মাথা, পাঁজর ও বুকে আঘাত লাগে, এর মধ্যে পাঁজরের আঘাত গুরুতর ছিল। 

গাড়ি নিজেই চালাচ্ছিলেন, সঙ্গে ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন। মালবিকার অবস্থা তাড়াতাড়ি স্থিতিশীল হলেও ক্রমাবনতি ঘটে পীযুষের।

এক সময়ের খেলোয়াড় পীযূষ অভিনয় করেছেন মঞ্চ, টেলিভিশন ও সিনেমায়। ‘ব্যোমকেশ’ সিরিজ, ‘আবর্ত’, ‘গয়নার বাক্স’, ‘অটোগ্রাফ’সহ বহু সিনেমাই জনপ্রিয়। সবশেষ তাকে দেখা যায়, সন্দীপ রায় পরিচালিত ‘চার’ সিনেমায়।

নব্বইয়ের দশকের শুরুতে দূরদর্শন বাংলার প্রথম দিকের ডেইলি সোপ ‘জন্মভূমি’তে অভিনয় করেছেন পীযূষ। পরবর্তীতে ‘মেঘের পালক’, ‘বয়েই গেল’, ‘সোনার হরিণ’- সিরিয়ালগুলোর অভিনয় প্রসংশিত। তার অভিনীত সিরিয়াল ‘জলনূপুর’, ‘চোখের তারা তুই’ ও ‘তুমি রবে নীরবে’ এখনও প্রচারিত হচ্ছে।

‘মারীচ সংবাদ’, ‘মাধব মালঞ্চী কইন্যা’, ‘জোছনাকুমারী’, ‘বাবলি’র মতো সাড়া জাগানো মঞ্চ নাটকের অভিনেতা পীযূষ। ‘ব্রেন’, ‘সিনেমার মতো’, ‘ভাইরাস এম’, ‘১৭ই জুলাই’, ‘বাবলি’ এবং ‘মৃত্যু, ঈশ্বর, যৌনতা’ নাটকগুলো প্রসংশিত। মঞ্চে প্রর্দশিত হচ্ছিল ‘গ্যালিলিও গ্যালিলেই’, ‘তিন পেনি অপেরা’, ‘সুরান্তর’ নাটক তিনটি।

পীযুষ অভিনয় জীবনের শুরুর দিকে ১৯৯১ সালেই পেয়েছিলেন অভিনেতা প্রমথেশ বড়ুয়া পুরস্কার। এরপর পেয়েছেন শ্যামল সেন স্মৃতি সম্মান, বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কার, সংবাদ প্রতিদিন কমপ্লান টেলি সম্মান, স্টার জলসা পরিবার পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার, শৈলজানন্দ স্মারক চলচ্চিত্র সম্মান।

অভিনয়ের পাশাপাশি গান গাওয়ার শখ ছিল পীযূষের, গানের জন্য পুরস্কারও পেয়েছেন। তার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়।

সুচিত্রা ভট্টাচার্য

‘কাছের মানুষ’ উপন্যাস খ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য মারা যান ১২ মে। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মূলত সাহিত্যিক হিসেবে পরিচিত সুচিত্রা ভট্টাচাযর্ের ‘দহন’ উপন্যাসকে একই নামে চলচ্চিত্রে রূপ দেন ঋতুপর্ণ ঘোষ। সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

লেখকের শক্তিমত্তার প্রমাণ পাঁচ রচনা— ছোটগল্প ‘অলীক সুখ’ অবলম্বনে নির্মিত হয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুথোপাধ্যায়ের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইচ্ছে’, একই পরিচালক জুটি ‘ইচ্ছের গাছ’ ও ‘রামধনু’ গল্প দুটি নিয়েও কাজ করেছেন পরবর্তীতে। ‘হেমন্তের পাখি’ অবলম্বনে উর্মি চক্রবর্তী নির্মিত সিনেমায় অভিনয় করেন মমতা শংকর, তনুশ্রী শংকর। ‘রঙিন পৃথিবী’ অবলম্বনে অর্জুন চক্রবর্তী নির্মাণ করেছেন ‘টলি লাইটস’।  ‘আলোছায়’ অবলনম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে।

‘কাছের মানুষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে একই নামের টিভি সিরিয়াল।

তার লেখা নিয়ে সবশেষে কাজ করেছেনর মৈনাক ভৌমিক, ২০১৫ সালে ‘কাঁচের দেয়াল’ অলম্বনে ‘ফ্যামিলি অ্যালবাম’ মুক্তি দেন তিনি।

নতুন প্রজন্মের নারীবাদী লেখক হিসেবে পরিচিত ছিলেন সুচিত্রা ভট্টাচারর‌্য। উপন্যাসের আগে নিয়মিত ছোটগল্প লিখতেন গত শতকের সত্তরের দশকে। সম্মানিত হয়েছেন তারাশঙ্কর পুরস্কার, শৈলজানন্দ স্মৃতি পুরস্কারসহ একাধিক পুরস্কারে।

১৯৫৯ সালের ১০ জানুয়ারি সুচিত্রা ভট্টাচাযর্ জন্ম নেন বিহারের ভাগলপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর থেকে আমৃত্যু কলকাতাতেই ছিলেন।

সুবীর সেন

‘এতো সুর আর এতো গান’ এর শিল্পী সুবীর সেন প্রয়াত হলেন ২০১৫ সালের ডিসেম্বরে। গত শতকের দ্বিতীয়ার্ধে ভারতীয় এই গায়কের কণ্ঠ থেকে বহু জনপ্রিয় গান উপহার পেয়েছেন বাংলা ও হিন্দিভাষী শ্রোতারা।

ক্যান্সারে আক্রান্ত এই শিল্পী কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।

পঞ্চাশের দশক থেকে মুম্বাই ও কলকাতার অন্যতম সঙ্গীতশিল্পী সুবীর সেন, আধুনিক বাংলা গানে এনেছিলেন রোমান্টিকতার ছোঁয়া। তার গাওয়া জনপ্রিয় বাংলা গানের মধ্যে রয়েছে - ‘এত সুর আর এত গান’, ‘ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন’, ‘মোনালিসা, তুমি কে বলো না’, ‘নয় থাকলে আরো কিছুক্ষণ’, ‘হয়তো তোমার অনেক ক্ষতি করেছি’ ইত্যাদি।

হিন্দি সিনেমার জন্য লতা মুঙ্গেশকরের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান - ‘ধীরে চালাও জারা’ সিনেমার ‘আস কা পানছি’, ‘মাসুম’ সিনেমার ‘হামে উন রাহো পার চালনা হ্যায়’, ‘ছোটি বেহেন’ সিনেমার ‘ম্যায় রাঙ্গিলা প্যায়ার কা রাহি’ ইত্যাদি।