‘গণজাগরণের নৃত্য উৎসব’ শুরু শিল্পকলায়
প্রথম দিনের পরিবেশনায় অংশ নেয় ৯টি নৃত্যদল।
ঢাকার শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ছয় দিনের ‘গণজাগরণের নৃত্য উৎসব’।
রোববার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
একাডেমির তরফে জানানো হয়েছে, এতে অংশ নিচ্ছে ৭৫টি নৃত্যদল, যার মধ্যে ৬৭টি দেশের। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চারটি যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হবে।
প্রথম দিনের পরিবেশনায় অংশ নেয় ৯টি নৃত্যদল। শুরুতেই ‘অবহেলার মৃত্য নয়’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল।
এরপর নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল ‘নৃত্যাঞ্চল'। কত্থক কম্পোজিশনে তারানা পরিবেশন করে নৃত্যপরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের এ নৃত্যদল।
নৃত্যালেখ্য ‘বঙ্গবঙ্গুর প্রতি শ্রদ্ধাঞ্জলি’ পরিবেশন করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস, যার নৃত্য পরিচালনা করেন এ্যানি ফেরদৌস।
খণ্ডনৃত্য ‘প্রিয় বাংলাদেশ’ পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার। নৃত্য পরিচালনা করেন সৈয়দা সায়লা আহমেদ লিমা।
নৃত্যালেখ্য ‘ষড়ঋতু’ পরিবেশন করে নৃত্যদল- নন্দন কলা কেন্দ্ৰ। নৃত্য পরিচানায় ছিলেন এম আর ওয়াসেক।
‘আমাদের বাংলাদেশ’ নৃত্যালেখ্য পরিবেশন করে ম্যাশ মাহবুব কোরিওগ্রাফি টিম। নৃত্য পরিচালনা করেন মাশরুর রহমান ও হোসেন মাহবুব।
বিঝু উৎসব খণ্ডনৃত্য পরিবেশন করে তপস্যা নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন ফিফা চাকমা।
নৃত্যালেখ্য ‘স্বপ্নসুরের বাংলাদেশ’ পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, নৃত্য পরিচালনা করেন ফারহানা চৌধুরী।
নৃত্যালেখ্য ‘হৃদয়ের কবি’ পরিবেশন করে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্ৰ। নৃত্য পরিচালনা করে কবিরুল ইসলাম রতন
সবশেষে ‘বঙ্গবন্ধুর প্রিয় গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান’ শিরোনামে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ বলেন, “সংস্কৃতিচর্চার মাধ্যমে মানুষের মধ্যে ভালো চিন্তা ও শুভ বোধ সৃষ্টির লক্ষ্যেই নৃত্য উৎসবের এ আয়োজন।"
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “কথিত আছে, ঈশ্বর যখন বিপদে পড়েন, তখনই শিল্পের প্রয়োজন হয়। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সবক্ষেত্রেই শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংস্কৃতি চর্চার মাধ্যমেই প্রত্যেক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে চাই।"
ফিলিস্তিনে যুদ্ধের ভয়াবহতা ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান লাকী।
আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চলা এ আয়োজন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে জাতীয় নাট্যশালা মিলনায়তনে উপভোগ করা যাবে। এ নৃত্য উৎসব সবার জন্য উন্মুক্ত।
