২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেস্তোরাঁ খুলছে নেটফ্লিক্স, মিলবে ব্রিটিশ-বাংলাদেশি নাদিয়ার তৈরি খাবারও

‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরঁটি খুলছে আগামী ৩০ জুন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 12:56 PM

Updated : 16 Jun 2023, 12:56 PM

স্ক্রিনের বাইরে নেটফ্লিক্সেকে এবারে পাওয়া যাবে খাবারের টেবিলে। এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে খুলতে যাচ্ছে রেস্তোরাঁ। আর সেই রোস্তরাঁয় মিলবে রানি এলিজাবেথের জন্মদিনে কেক তৈরি করে সাড়া তোলা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাদিয়া হোসেইনের হাতের খাবারও।

২০১৫ সালে যুক্তরাজ্যে রান্না বিষয়ক টেলিভিশন অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ এ বিলেতি রীতির কেক বানিয়ে বিজয়ীর মুকুট ছিনিয়ে নিয়েছিলেন নাদিয়া।

আর পরের বছর ২০১৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মবার্ষিকীতে কমলালেবুর দই দিয়ে কেক তৈরি করে গড়েন ইতিহাস।

সিএনএন জানিয়েছে, ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁটির দুয়ার খুলবে আগামী ৩০ জুন।

ওয়েস্ট হলিউডের ‘শর্ট স্টোরিজ’ হোটেলে এই রোস্তরাঁ খোলা থাকবে প্রতিদিন বিকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত। এছাড়া সপ্তাহের দুদিন শনি ও রোববার ‘ব্রাঞ্চ’ দেওয়া হবে।

‘শেফস টেবলস’, ‘আয়রন শেফ’, ‘ইজ ইট কেক’ এবং ‘ড্রিংক মাস্টার্স’র মত রান্নার শোগুলোর শেফদের হাতের মজাদার খাবার এতদিন কেবল স্ক্রিনে দেখা গেছে। যতই জিভে জল আসুক সেসব চেখে দেখার সুযোগ ছিল না দর্শকদের। এবার সেই সুযোগ করে দিচ্ছে ‘নেটফ্লিক্স বাইটস’। বিখ্যাত এই সব শেফদের খাবার মিলবে এই রেস্তোরাঁয়।

শেফদের মধ্যে নাদিয়া ছাড়াও শেফ ডোমিনিক ক্রেন এবং কার্টিস স্টোনকেও নেটফ্লিক্সের রেস্তোরাঁয় পাওয়া যাবে।

এক বিবৃতিতে স্টোন জানিয়েছেন, “খাবার নিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার জীবনের রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। ক্যামেরায় এতদিন যা ঘটেছে, সেটার স্বাদ ভক্তদের দিতেই এই রোস্তরাঁ।”

‘নেটফ্লিক্স বাইটসে’ গিয়ে জনপ্রিয় শেফদের হাতের তৈরির মজার মজার খাবার পাওয়া গেলেও, সেখানে সশরীরের তাদের দেখা পাওয়া যাবে না।

‘নেটফ্লিক্স বাইটর’র ওয়েবসাইটে মেন্যু দেখতে ‘চেক ব্যাক সুন’ অপশন রাখা হয়েছে। এছাড়া ওয়েবসাইটের ‘রেসি ডটকম’ এ গিয়ে আগাম বুকিংয়ের ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে জনপ্রতি ২৫ ডলার আগাম দিতে হবে, যা বিলের সঙ্গে সমন্বয় করা হবে।