০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শুধু জরিমানায় পার পাননি কার্তিক, তুলতে হয়েছে সেলফিও

ভুল জায়গায় গাড়ি রাখায় এ অভিনেতার বিরুদ্ধে চালান কেটেছে মুম্বাই পুলিশ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 01:19 PM

Updated : 20 Feb 2023, 01:21 PM

বলিউডি নায়াক কার্তিক আরিয়ান তার ‘শেহজাদা’ সিনেমা মুক্তির আগে পূজা দিতে গিয়েছিলেন মন্দিরে। কিন্তু সেখানে ঘটান বিপত্তি, গাড়ি পার্কিংয়ে নিয়ম ভাঙায় জরিমানা গুনে পরে ট্রাফিক পুলিশের সাথে সেলফি তুলে তবেই পার পেয়েছেন এই নায়ক।

পিংকভিলা জানিয়েছে, সিনেমা শুরু বা মুক্তির আগে প্রতিবার মুম্বাইয়ে সিদ্ধি বিনয়াক মন্দিরে ধর্না দেন কার্তিক। আর ওই মন্দিরে রোজই হাজারো দর্শনার্থীর আনাগোনা লেগে থাকে। মন্দিরের কিছুটা দূরেই গাড়ি পার্কিংয়ের আলাদা জায়গা আছে।

কিন্তু গত শুক্রবার মন্দিরে পৌঁছে কার্তিক ট্রাফিক নিয়ম না মেনে তার গাড়িটি রাখেন মন্দিরের কাছে। তাতেই হয় সমস্যা। নিয়ম ভাঙায় মুম্বাই পুলিশ বলিউড নায়ককে এক চুল ছাড় দেয়নি। ‘নো-পার্কিং জোনে’ গাড়ি রাখার অভিযোগে  এ অভিনেতার বিরুদ্ধে চালান কাটে মুম্বাই পুলিশ।

কার্তিক ভেবেছিলেন, জরিমানা গুনেই বাবা-মাকে নিয়ে দ্রুত মন্দির চত্বর ছাড়বেন। কিন্তু তা হয়নি। পুলিশ সদস্যদের অনুরোধে তাদের সঙ্গে সেলফিও তুলতে হয় বলিউডের ‘হিট’ নায়ক কার্তিককে।

সেই ছবি রোববার টুইটারে শেয়ার করেন এক পুলিশ কর্মকতা। ক্যাপশনে লেখেন, "সমস্যা? সমস্যা হচ্ছে, শেহজাদার গাড়িটি ভুল সাইডে পার্ক করা হয়েছিল!”

ছবিটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভক্তদের অনেকেই ঘটনাটিকে সিনেমার প্রচরের অংশ ভেবে নিয়েছেন।

এক ভক্ত ক্ষিপ্ত হয়ে লিখেছেন, “মুম্বাই পুলিশের বর্বর আচরণ!”

আরেকজন ওই পুলিশ কর্মকর্তাকে প্রতি মাসে প্রমোশন দেওয়ার কথা বলেছেন।

এদিকে শুক্রবার মুক্তির পর কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননের সিনেমা ‘শেহজাদা’ আশানুরূপ ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। ‘শেহাজাদা’ দেখতে একটির সঙ্গে আরেকটি টিকেট ফ্রি দিয়েও তেমন কাজ হয়নি।

যদিও সিনেমাটি ‘ব্লকবাস্টার’ করতে মরিয়া কার্তিক প্রচারেও গুরুত্ব দিয়েছিলেন। কখনো কলকাতা, কখনো ভোপাল, আবার কখনো আগ্রায় ছুটে বেড়িয়েছেন কার্তিক। এমনকি দুবাইয়ের বুর্জ খলিফায় ‘পাঠান’ এর মত এই সিনেমার টিজারও প্রদর্শিত হয়েছে।

‘পাঠান’ সিনেমার জনপ্রিয়তার কারণে ‘শেহজাদা’ সাতদিন পিছিয়ে মুক্তি দেওয়া হয়। কিন্তু এসব করেও খুব একটা সাফল্য আসেনি।

তেলেগু ছবি ‘আলা বৈকুন্ঠাপুররামুলো’র হিন্দি রিমেক হল ‘শেহজাদা’। কার্তিক ও কৃতি শ্যানন ছাড়াও সিনেমায় আছেন মনীষা কৈরালা, রাজপাল যাদব, পরেশ রাওয়াল, রণিত রায়সহ আরও অনেকে।