২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ওটিটিতে আসছে অনুদানের সিনেমা ‘জল রঙ’

ঈদের দ্বিতীয় দিন রোববার থেকে আইস্ক্রিনে দেখা যাবে ‘জল রঙ’ সিনেমা।

ওটিটিতে আসছে অনুদানের সিনেমা ‘জল রঙ’
‘জল রঙ’ সিনেমায় পোস্টার। ছবি: সিনেমার ট্রেইলার থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 05:34 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

মানব পাচারের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘জল রঙ’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

কবিরুল ইসলাম রানা পরিচালিত সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন রোববার থেকে দেখা যাবে। সিনেমাটির ট্রেইলার প্রকাশ করে আইস্ক্রিন কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মি, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, খালেদা আক্তার কল্পনা ও রাশেদা চৌধুরী।

মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্নে বিভোর গ্রামের দরিদ্র মানুষের প্রতারণার ফাঁদে পড়ার গল্প দেখা গেছে ‘জল রঙ’ সিনেমায়। কিছু টাকার বিনিময়ে নদীপথে পাড়ি দেয় বেশ কয়েকজন মানুষ। তাদের পরিণতি, কষ্ট ও মৃত্যুর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মানব পাচারের মত সমসাময়িক বিষয়।

সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল এবং ২০২৩ সালে সেন্সর ছাড়পত্র পায়।

অনুদানের এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে, নির্মাণের চার বছর পর ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে।

‘জল রঙ’ প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু।