Published : 24 Sep 2025, 11:00 AM
ভক্তদের অপার ভালোবাসা মুগ্ধতায় এক জীবন কাটিয়ে দেওয়া শাহরুখ খানের ঝুলি অপূর্ণ ছিল একটি জাতীয় পুরস্কারের অভাবে। অবশেষে সেই অপূর্ণতা কেটেছে।
এনডিটিভি বলছে, দিল্লির বিজ্ঞান ভবনে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ।
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়েছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার অভিনেত্রী রানী মুখার্জি।
৫৯ বছর বয়সী এই বলিউডের এই তারকাকে তিন দশক আগে ‘দিওয়ানা’ সিনেমায় প্রথম দেখা যায় বড় পর্দায়। যদিও তার ক্যারিয়ার শুরু টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ এবং ‘সার্কাস’ দিয়ে, তখন নাম ছিল আব্দুর রহমান।
১৯৯২ সালের ২৫ জুন রাজ কুমার পরিচালিত ‘দিওয়ানা’ মুক্তি পায়। ওই সিনেমায় ধনী গায়ক ‘ববির’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ, তার নায়িকা ছিলেন প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতী।
এরপরের তিন দশকে অন্য অনেক অভিনেতার মতই নানা ধরনের চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছেন শাহরুখ। বলিউডের পরিবর্তন, ভালো-মন্দে খাপ খাইয়েছেন নিজেকে। কখনও তার সাফল্যে বক্স অফিস ঝলমল করেছে, আবার একের পর এক ফ্লপ ছবি হতাশ করেছে ভক্ত-অনুরাগীদের।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ক্রিকেট বাণিজ্যের খাতাতেও নাম লিখিয়েছেন কিং খান। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা বলিউড অভিনেতাদের একজন তিনি। সিনেমার সংখ্যা এবং আয়ের দিক থেকেও তিনি ভারতের শীর্ষ তারকাদের একজন।
এক সময়ে দাবি উঠেছিল ‘স্বদেশ’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার দেওয়া হোক শাহরুখকে। কিন্তু সেই দাবির বাস্তবায়ন হয়নি। ৩৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ।
কালো স্যুট ও সাদা শার্টে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। অনুষ্ঠানস্থলে । তাঁকে অভিবাদন জানান শিল্পীরা।
৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ।
‘জওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন গৌরী খান।
পুরস্কার হিসেবে জয়ীদের একটি মেডেল এবং সঙ্গে একটি স্মারক দেওয়া হয়েছে; সঙ্গে ২ লাখ রুপি। তবে শাহরুখ পেয়েছেন ১ লাখ। কারণ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে ম্যাসিও। তাই পুরস্কারের অর্থও হয়েছে ভাগাভাগি।
শাহরুখকে অভিনন্দন জানিয়েছেন তার স্ত্রী, প্রযোজক ও ডিজাইনার গৌরী খান।
পুরস্কার গ্রহণের আগে তোলা শাহরুখের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে গৌরী লিখেছেন, “কী অসাধারণ এক যাত্রা। জাতীয় পুরস্কারের জন্য তোমাকে অভিনন্দন জানাই। তুমিই যোগ্য। এই পুরস্কার তোমার বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল
“এখন আমি এই পুরস্কারের জন্য একটা বিশেষ মান্টল (শোকেস জাতীয় আসবাব) ডিজাইন করছি।”
এর আগে আগস্টে বিজয়ীদের নাম ঘোষণার পর শাহরুখ খান একটি ভিডিও বার্তায় পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া তার জীবনের এমন একটি মুহূর্ত, যা তিনি আজীবন লালন করবেন।
শাহরুখের কথায়, এই জাতীয় পুরস্কার কেবল একটা প্রাপ্তি নয়, এটি তাকে মনে করিয়ে দেয় যে তিনি যা করেন, সেটা গুরুত্বপূর্ণ।
“এই সম্মান আমাকে বলে, এগিয়ে যাও, কঠোর পরিশ্রম করো, নতুন কিছু করো এবং সিনেমায় নিজের অবদান রাখো। সমস্যায় নিমজ্জিত এই পৃথিবীতে এই পুরস্কার আমার কাছে এক আশীর্বাদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই পুরস্কার আমার শেষ নয়, বরং শুরু। আমি আরও শিখব, আরও দেব।
২০২৩ সালে মুক্তি পায় শাহরুখের তিন সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি। বর্তমানে তিনি কিং সিনেমার শুটিং করছেন, যা মুক্তি পাবে আগামী বছর।
বলা হয় শাহরুখের সিনেমায় থাকে দারুণ প্রেম ও ভরপুর আবেগ। এ কারণেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে তার সিনেমাগুলো।
এই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ
পুরস্কারের প্রতিক্রিয়া: যে মুহূর্ত আজীবন লালন করতে চান শাহরু