Published : 02 Aug 2025, 11:43 AM
দিল্লি থেকে মুম্বাইয়ে এসে পাঁচ কি সাতটি সিনেমা করার বাসনা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে তিনি সুপারস্টার বনে গেলেন। তিনি শাহরুখ খান, তিন দশক ধরে বলিউড ধরে রেখেছেন হাতের মুঠোয়। অথচ এই অভিনেতার অধরা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
বলিউডশাদিস ডটকম লিখেছে অবশেষে শাহরুখের হাতে উঠছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ তার সর্বশেষ সিনেমা ‘জওয়ান’ এ অভিনয়ের জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি।
দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫৯ বছর বয়সী এই মহাতারকাকে তিন দশক আগে ‘দিওয়ানা’ সিনেমায় প্রথম দেখা যায় বড় পর্দায়। যদিও তার ক্যারিয়ার শুরু টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ এবং ‘সার্কাস’ দিয়ে, তখন নাম ছিল আব্দুর রহমান।
১৯৯২ সালের ২৫ জুন রাজ কুমার পরিচালিত ‘দিওয়ানা’ মুক্তি পায়। ওই সিনেমায় ধনী গায়ক ‘ববির’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ, তার নায়িকা ছিলেন প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতী।
এরপরের তিন দশকে অন্য অনেক অভিনেতার মতই নানা ধরনের চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছেন শাহরুখ। বলিউডের পরিবর্তন, ভালো-মন্দে খাপ খাইয়েছেন নিজেকে। কখনও তার সাফল্যে বক্স অফিস ঝলমল করেছে, আবার একের পর এক ফ্লপ ছবি হতাশ করেছে ভক্ত-অনুরাগীদের।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ক্রিকেট বাণিজ্যের খাতাতেও নাম লিখিয়েছেন কিং খান। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা বলিউড অভিনেতাদের একজন তিনি। সিনেমার সংখ্যা এবং আয়ের দিক থেকেও তিনি ভারতের শীর্ষ তারকাদের একজন।
২০২৩ সালে মুক্তি পায় শাহরুখের তিন সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি। বর্তমানে তিনি কিং সিনেমার শুটিং করছেন, যা মুক্তি পাবে আগামী বছর।
বলা হয় শাহরুখের সিনেমায় থাকে দারুণ প্রেম ও ভরপুর আবেগ। এ কারণেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে তার সিনেমাগুলো।
শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন টুয়েলভথ ফেল অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে টুয়েলভথ ফেল। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি।
ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা হিন্দি সিনেমার পুরস্কার পাচ্ছে কাঁঠাল। সুদীপ্ত সেন পাচ্ছেন দ্য কেরালা স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার।